রাজ্যের খবর

উত্তরবঙ্গ প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক ক্ষতিগ্রস্ত একাধিক চা বাগান

স্বাভাবিকভাবেই, এই মুহূর্তে চিন্তার কালো ছায়া নেমেছে চা শ্রমিক থেকে শুরু করে বাগান মালিক, সকলের উপরই।

Truth Of Bengal: প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তরবঙ্গের অবস্থা এই মুহূর্তে বেশ চিন্তাজনক। লাগাতার বৃষ্টি ও ধসের জেরে আহত ও নিহত একাধিক মানুষ। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনের উপরও এর বড় প্রভাব পড়েছে। বিশাল ক্ষতির মুখে ডুয়ার্সের প্রায় ৪০টি চা বাগান। (Tea Garden) স্বাভাবিকভাবেই, এই মুহূর্তে চিন্তার কালো ছায়া নেমেছে চা শ্রমিক থেকে শুরু করে বাগান মালিক, সকলের উপরই।

প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষতির সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। কোথাও ভেঙ্গেছে নদীর বাঁধ, আবার কোথাও পুরো চা বাগান তলিয়ে গেছে বৃষ্টির জলে। এর ফলে ব্যাপক ক্ষতি হয়েছে চা গাছ, কাঁচা পাতা ও উৎপাদিত চায়ের। বিশেষ করে পরিস্থিতি অত্যন্ত শোচনীয় নাগরাকাটা, বানারহাট ও মেচকাপাড়া এলাকার। নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে বিপুল পরিমাণের চা গাছ ও কাঁচা পাতা নষ্ট হওয়ার পাশাপাশি বন্যায় ডুবেছে বাগানের ২৫ হেক্টর মতো জমি। এছাড়া শ্রমিকদের ১৫০টি কোয়ার্টার, ১২টি সেতু ও কারখানার বিপুল পরিমাণ চা মজুতও ক্ষতির মুখ দেখেছে। বানারহাটের মরাঘাট ও রিয়াবাড়ি চা বাগানের অবস্থাও বেশ ভয়াবহ। মেচকাপাড়া বাগানে প্রায় ৩০ হেক্টর জমি নদীর জলে তলিয়ে গেছে।(Tea Garden)

অবস্থা প্রসঙ্গে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তরবঙ্গ শাখার সম্পাদক সুমিত ঘোষ বলেছেন, “প্রাথমিক হিসেবে ১১ কোটি টাকা মতো ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের কাছে আমার আর্জি, দ্রুত ব্যবস্থা যেন নেওয়া হয় ক্ষতিগ্রস্ত বাগানগুলির পুনর্গঠনে।” অন্যদিকে রাজ্য সরকারের চা শ্রমিক ইউনিয়নের উত্তরবঙ্গের চেয়ারম্যান নকুল সোনার বলেছেন, “প্রায় ৪০টি চা বাগান ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির। নাগরাকাটা ও বানারহাটে ১০টি করে, ১২টি কালচিনিতে। আরও ৫টি বাগান ক্ষতির মুখে মাদারিহাট-বীরপাড়ায়।”(Tea Garden)

Related Articles