রাজ্যের খবর

“১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?”, নন্দীগ্রামের মিছিল থেকে মমতার পা ভাঙা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

৫ বছর পর ভাঙা পায়ের গোপন নথি প্রকাশ্যে? নবান্ন থেকে রিপোর্ট তুলে ধরে মমতাকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর!

Truth of Bengal: ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগা ও প্লাস্টার বাঁধার ঘটনা নিয়ে পাঁচ বছর পর বঙ্গ রাজনীতিতে বিস্ফোরক অভিযোগ তুললেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নবান্ন থেকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের এক চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট পেশ করে শুভেন্দু দাবি করেন, সেসময় মমতার পা আদৌ ভাঙেনি। সেই বিতর্কের জের টেনে রবিবাসরীয় নন্দীগ্রামে প্রচারের মঞ্চ থেকে তিনি কটাক্ষ ছুড়ে দিয়ে প্রশ্ন তোলেন, “১০ মার্চ তারিখটিকে কি ‘পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস’ হিসেবে পালন করা উচিত নয়?”

আগামী ৬ তারিখ নন্দীগ্রামে উপনির্বাচন। রবিবার ছিল প্রচারের শেষ দিন। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে সকালে নন্দীগ্রাম ১ ব্লকের টেঙ্গুয়া থেকে থানা মোড় পর্যন্ত এক বিশালাকার মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় নেতৃত্বের দাবি, এই মিছিলে প্রায় পাঁচ থেকে ছয় হাজার সমর্থক পা মিলিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামে প্রচার চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে তাঁর ওপর চক্রান্ত করে হামলা চালিয়েছে বিজেপি এবং তার ফলেই তাঁর পা ভেঙে যায়। এর পর পুরো নির্বাচন পর্বজুড়ে হুইলচেয়ারে বসে ‘ভাঙা পায়ে খেলা হবে’ স্লোগান তুলে রাজ্যজুড়ে ঝড় তুলেছিল তৃণমূল।

তবে সেই ঘটনার ওপর থেকে পর্দা সরাতে উপনির্বাচন মিটলেই উচ্চপর্যায়ের তদন্তের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন প্রচার মিছিলের নেতৃত্ব দিতে দিতে তিনি বলেন, “যত বেশি মানুষ ভোটকেন্দ্রে আসবেন, আমাদের জয়ের ব্যবধান ততটাই বাড়বে। নন্দীগ্রামের প্রায় ৭২ হাজার সংখ্যালঘু ভাই-বোনেদের মধ্যে অনেকেই আজ আমাদের মিছিলে যোগ দিয়েছেন। তাঁরা এবার উন্নয়নের পক্ষে ও বিজেপির সাথেই থাকবেন।”

উপনির্বাচনের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক দাবি এবং চিকিৎসাসংক্রান্ত নথির প্রসঙ্গ তুলে ধরা বঙ্গ রাজনীতির পারদকে যে আরও কয়েক গুণ চড়িয়ে দিল, তাতে সন্দেহ নেই।

Related Articles