প্রেম দিবসে দোকানে দোকানে হরেক রকম গোলাপের ভিড়, কিন্তু বিক্রি কোথায়? হতাশ ফুল বিক্রেতারা
প্রতি বছর হাজার হাজার টাকার গোলাপ বিক্রি হয় দোকানগুলিতে
কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দোকান উপচে পড়ছে হরেক গোলাপের ভিড়ে। ভালো বিক্রিবাটার আশায় দেশী, বিদেশী গোলাপ মজুত করেছিলেন ফুল বিক্রেতাদের অনেকেই। কিন্তু বিক্রি কোথায়? ব্যবসার অবস্থা দেখে রীতিমত হতাশ ফুল বিক্রেতারা।ভ্যালেন্টাইন ডের দিন প্রতি বছর গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। প্রতি বছর হাজার হাজার টাকার গোলাপ বিক্রি হয় দোকানগুলিতে।
শুধু দেশী গোলাপই নয়, পাল্লা দিয়ে এদিন সমান চাহিদা থাকে ব্যাঙ্গালুরু ও বিদেশী গোলাপেরও। অন্যান্যবছরের চাহিদা মোতাবেক এবছরও বহু আগে থেকেই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দেশী বিদেশী গোলাপের বরাত দিয়েছিলেন ফুল ব্যবসায়ীরা। বরাত অনুযায়ী হাজার হাজার টাকার ফুল এনে সকাল সকাল নিজেদের দোকানে পসার সাজিয়ে বসেছেন ফুল ব্যবসায়ীরা। কিন্তু প্রেম দিবসের সকাল থেকে বিক্রিবাটার হাল দেখে রীতিমত হতাশ ফুল ব্যবসায়ীরা। বাঁকুড়ার কোতুলপুর বাজারে সকাল থেকে হা পিত্যেশ করে বসে থেকেও সেভাবে গোলাপের ক্রেতার দেখা মেলেনি। ব্যবসায়ীদের দাবি একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর অন্যদিকে শিবরাত্রির ব্রত উদযাপন দু’য়ের জেরেই গোলাপের চাহিদা কমেছে। বাজারের এই অবস্থায় বড় লোকসানের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে ফুল ব্যবসায়ীদের।



