
The Truth of Bengal: রিষড়া পুরসভা এবং পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের চিকিৎসার জন্য আর যেতে হবে না দূরে।সুস্বাস্থ্যের ঠিকানা গড়া হচ্ছে নাগরিকদের একেবারে দুয়ারে। সেই লক্ষ্যে রিষড়া সেবাসদনকে নবরূপ দেওয়ার কাজ জোরদার হচ্ছে।এবার স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা সেবাসদনের পরিস্থিতি ঘুরে দেখলেন।ছিলেন জেলা প্রশাসন, সুডা, কেএমডিএ, পূর্ত দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররাও।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রিষড়া সেবা সদন হাসপাতাল চালুর জন্য প্রায় দু’কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই টাকায় চিকিৎসা সরঞ্জাম কেনার কথা ছিল। কিন্তু তারপরেও হাসপাতালের দরজা খোলেনি। বিগত প্রায় সাত বছর ধরে বন্ধ ১১০ শয্যার এই হাসপাতাল। চলতি বছর এই শহরেই মাতৃ সদন হাসপাতাল নতুন করে চালু হবে বলে আশা।
রিষড়া সেবা সদনে এক সময় বহু মানুষ চিকিৎসা পেতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, চোখ, অস্থি ছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক থাকায় খুব ভালো চিকিৎসা হত। হাওড়া বর্ধমান মেন লাইন এবং রিষড়া স্টেশনের সংলগ্ন এলাকায় অবস্থিত হওয়ার কারণে বহু মানুষ চিকিৎসা নিতে আসতেন।আবার কবে এই সেবাসদন পুরোপুরি পরিষেবা প্রদানে সমর্থ হয় সেদিকেই তাকিয়ে জেলা সহ বাইরের জেলার মানুষও।






