রাজ্যের খবর

চুরি করতে বিমানে সওয়ারি! ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত

Ride the plane to steal

Truth Of Bengal : শিলিগুড়ি : বিশ্বজিৎ সরকার : ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। বিমানে করে চুরি করতে এসেও শেষ রক্ষা হল না। শিলিগুড়ি হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে দুই চোরকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী ও ভিক্টর ঘোষ। সৌমাল্য আসানসোলের এবং ভিক্টর হুগলীর বাসিন্দা।

জানা গিয়েছে, দুজন গত ১৯ তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছে প্রধাননগর থানার অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা। এবং হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে স্বর্ণালঙ্কার সহ দামী জিনিসপত্র চুরি করে।‌ এরপরেই চুরির অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ২৪ ঘণ্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী ভিক্টরকেও গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয়। এই বিষয়ে শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার। তিনি বলেন ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। বিমানে এসে শিলিগুড়িতে থেকে চুরির ঘটনা ঘটায় তারা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।

Related Articles