রাজ্যের খবর

রাজ্যের সাতটি জাতীয় সড়কের দায়িত্ব এবার কেন্দ্রীয় সংস্থার হাতে

সরকারি থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে রাজ্যের পূর্ত দফতরের জাতীয় সড়ক শাখার অধীনে থাকা এই রাস্তা প্রকল্পগুলি হস্তান্তরের প্রস্তাব ঝুলে ছিল।

Truth of Bengal:  রাজ্যের পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গ সরকার সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে তুলে দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে। শুক্রবার নবান্ন থেকে প্রকাশিত প্রেস নোটে এই ঘোষণা করা হয়েছে।

সরকারি থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে রাজ্যের পূর্ত দফতরের জাতীয় সড়ক শাখার অধীনে থাকা এই রাস্তা প্রকল্পগুলি হস্তান্তরের প্রস্তাব ঝুলে ছিল। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে একাধিকবার অনুরোধ জানানো হলেও প্রশাসনিক জটিলতার কারণে কাজ এগোচ্ছিল না।

অবশেষে রাজ্যের ছাড়পত্র মেলায় এবার দ্রুত উন্নয়ন কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।যে সাতটি জাতীয় সড়ক কেন্দ্রীয় সংস্থার হাতে যাচ্ছে তার মধ্যে রয়েছে নদিয়া-মুর্শিদাবাদ-উত্তর ২৪ পরগনার গুরুত্বপূর্ণ NH-312, বিহার সীমান্ত থেকে গাজোল পর্যন্ত NH-31 এবং ফারাক্কা পর্যন্ত NH-33। এছাড়াও উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক রাস্তা NHIDCL-এর হাতে যাচ্ছে।

এর মধ্যে রয়েছে সেবক থেকে কালিম্পং হয়ে সিকিম সীমান্ত পর্যন্ত নতুন NH-10, হাসিমারা থেকে জয়গাঁও সীমান্ত পর্যন্ত NH-317A, চ্যাংড়াবান্ধা সীমান্তমুখী NH-717 এবং শিলিগুড়ি-কার্শিয়াং-দার্জিলিং সংযোগকারী NH-110।
প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একইসঙ্গে পর্যটন, বাণিজ্য এবং প্রতিরক্ষা সংক্রান্ত পরিবহণ ব্যবস্থাও আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles