রাজ্যের খবর

বৃষ্টির জল পৌঁছে যাবে ভূগর্ভে! সোনারপুরে চালু অভিনব উদ্যোগ

Rain Water Harvesting

The Truth of Bengal: গ্রীষ্মকালে এলাকার জলস্তর এত নীচে নেমে যায় যে পানীয় জল পেতে খুবই সমস্যা হয়। সেই জলের স্তরকে ঠিক রাখার জন্য রাজপুর-সোনারপুর পুরসভার অভিনব উদ্যোগ। গোটা জেলার মধ্যে এই প্রথম এমন পদক্ষেপ করলো কোনও পুরসভা৷ বৄষ্টির জল ধরে রেখে পাইপ লাইনের মাধ্যমে সেই জল পাম্প করে পাঠানো হবে ভূগর্ভে৷ যাতে ভূগর্ভের জলস্তর স্বাভাবিক রাখা যায়। পরীক্ষামুলক ভাবে সেই কাজ শুরু হয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার মহাময়াতলা জয়হিন্দ অডিটোরিয়ামে৷

বৃষ্টির সময় অডিটোরিয়ামের ছাদে যে জল পড়ে, সেই জল সংরক্ষণ ভূগর্ভে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান জানান, ভূপৃষ্ঠ থেকে জল ভূগর্ভে পাঠান হলে জলস্তর নেমে যাওয়া আটকানো সম্ভব হবে৷ প্রাথমিকভাবে জয়হিন্দ অডিটোরিয়ামে এই কাজ শুরু হলেও ধীরে ধীরে পুরসভার অন্যান্য সব অফিস এই ব্যবস্থা গড়ে তোলা হবে। এলাকায় যে সমস্ত বড়বড় আবাসন আছে, তাদের কাছে এই পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আবেদন জানাতে চলেছে পুরসভা।

পুরসভার জল বিভাগের পুরপারিষদ নজরুল আলি মণ্ডল জানিয়েছেন, মানুষকে সচেতন করতেও তাদের এই উদ্যোগ৷ পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম৷ ভূপৃষ্ঠ থেকে জল যদি ভূগর্ভে না পাঠানো হয় তা হলে আগামীদিনে সঙ্কট আরও বাড়তে পারে। সেই সমস্য মোকাবিলায় এমন অভিনব উদ্যোগ নিল রাজপুর-সোনারপুর পুরসভা। আপাতত ১০ হাজার লিটার জল জমা করা হবে। পরে সেই পাইপের মাধ্যমে ভূগর্ভে পাঠানো হবে। আগামী দিনে যাতে জল সঙ্কট কিছুটা দূর করা যায় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

Related Articles