বদলি হতে দেবেন না শিক্ষককে, প্রিয় শিক্ষকের জন্য আন্দোলন
বাবা-মায়ের সঙ্গে সার দিয়ে দাঁড়িয়ে স্কুল শিক্ষকের বদলি আটকাতে আন্দোলনে নেমেছে ওরা।
Bangla Jago Desk: মন্টু সাহাজী, বসিরহাট: স্কুলের প্রিয় শিক্ষক বদলি হয়ে যাচ্ছেন অন্য স্কুলে। এই বদলি মন থেকে মেনে নিতে পারছেন না পড়ুয়া ও অভিভাবকরা। স্কুলের গেটে তালা দিয়ে শিক্ষক যেতে দিতে চান না তারা। হাসনাবাদের মহিশপুকুর প্রাইমারি স্কুলের ঘটনা। স্কুলের প্রিয় শিক্ষক। আর তাঁকে স্কুল থেকে যেতে দেবে না খুদে খুদে পড়ুয়ারা। বাবা-মায়ের সঙ্গে সার দিয়ে দাঁড়িয়ে স্কুল শিক্ষকের বদলি আটকাতে আন্দোলনে নেমেছে ওরা। এমনকি স্কুলের গেটে তালাও লাগিয়ে দিয়েছে। আসলে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের মহিশপুকুর প্রাইমারি স্কুলের প্রিয় শিক্ষক পিনাকী বাজ অন্য স্কুলে বদলি হয়েছেন।
বদলির নির্দেশ এসে গিয়েছে। তাই বদলির খবর শুনেই মন খারাপ হয়ে যায় পড়ুয়াদের। অভিভাবকের মতোই পড়ুয়াদের আগলে রেখেছেন পিনাকী বাজ। অভিভাবকরাও খুশি ওই শিক্ষকের জন্য। তাই প্রিয় শিক্ষক গ্রাম ছেড়ে চলে যাক চান না কেউ।তাই স্কুলের দরজাও বন্ধ করে দেন অভিভাবকেরা। শিক্ষককে আটকাতে প্রতিবাদ গ্রামবাসীদের।
পিনাকী বাজ-এর অন্য স্কুলে বদলির নির্দেশিকা স্কুলে চলে এসেছে। ওই শিক্ষক জানান, পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা তাঁকে আপন ভাবেন সেই কারণেই হয়তো এইভাবে আটকে রাখতে চাইছে। বিক্ষোভকারীদের দাবি এই শিক্ষককে স্কুলে রাখতে হবে । কারণ এই শিক্ষক ভালো পড়ান ও ছাত্র-ছাত্রীদের খুব ভালোবাসেন। এই শিক্ষককে ছাত্রছাত্রীরা যেতে দেবেন না সেই দাবিতে এই বিক্ষোভ। এই ঘটনায় উত্তেজনার ছড়ায় এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।






