বিরল দৃশ্য সিউড়িতে: তৃণমূল নেতার বাড়িতে বিজেপি প্রার্থীর আতিথেয়তা গ্রহণ
বেশ কিছুক্ষণ চলে কুশল বিনিময়
Truth Of Bengal: নির্বাচনের উত্তাপের মাঝেই রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল বীরভূমের সিউড়ি। বুধবার সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ৫ নম্বর ওয়ার্ডে নিজের প্রচার কর্মসূচি চালাচ্ছিলেন। সিউড়ি নন্দগোপাল মোড় থেকে শুরু হওয়া এই প্রচার মিছিল পুলিশ লাইন হয়ে ১৭ নম্বর ওয়ার্ডে পৌঁছালে এক চমকপ্রদ ঘটনা ঘটে। এলাকার দীর্ঘদিনের পরিচিত নেতা তথা তৃণমূল কাউন্সিলর তপন সুকুলের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সোজাসুজি তাঁর ড্রয়িং রুমে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী।
তৃণমূলের সিনিয়র কাউন্সিলর ও সিউড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তপন সুকুল বিজেপি প্রার্থীকে হাসিমুখে স্বাগত জানান। বেশ কিছুক্ষণ চলে কুশল বিনিময়। কথোপকথন শেষে তৃণমূল কাউন্সিলরের দেওয়া এক গ্লাস জলও পান করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। বাড়ি থেকে বেরনোর সময় জগন্নাথবাবু হাতজোড় করে হিন্দুত্ব রক্ষা ও বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। জবাবে তপন সুকুল জানান, “আমি দলের দায়িত্বে থাকা তৃণমূল কাউন্সিলর। যে কেউ প্রচারে আসতেই পারেন, কিন্তু ভোট আমাকে নিজের দলের জন্যই করতে হবে।”
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তপন সুকুল বলেন, “জগন্নাথের সঙ্গে আমার পুরনো পরিচয়। ও একসময় তৃণমূল করত, সেই খাতিরেই দেখা করতে আসা। বাড়িতে অতিথি এলে দরজা খুলে দেওয়াটাই স্বাভাবিক। ও ভোট চেয়েছে, আমি আমার দলের নির্দেশ মতো কাজ করার কথা জানিয়েছি।”
অন্যদিকে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, “আমি প্রথমে জানতাম না ওটা ওঁর বাড়ি। আমার কাছে কেউ আলাদা করে কাউন্সিলর বা বিধায়ক নন, সবাই ভোটার। ওঁর কাছে আশীর্বাদ ও ভোট চেয়েছি। উনি তৃণমূলের ঝান্ডা ধরুন অসুবিধা নেই, কিন্তু ভোটটা যেন আমাকে দেন সেই আবেদনই রেখেছি। ওঁর আপ্যায়নে আমি খুশি।”






