পশু মাতৃ স্নেহের উদাহরণ, সন্তানকে বাঁচাতে না পারলেও মৃতদেহ নিয়েই চলে গেল মা
Monkey death

The Truth of Bengal: পশু মাতৃ স্নেহের উদাহরণ দেখা গেল ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বানর সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা-মা বানরের। সন্তানকে বাঁচাতে না পারলেও শেষে মৃতদেহ নিয়েই চলে গেল মা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি দেখা যায় চালসার ব্লক কৃষি দপ্তরের অফিসের সামনে। স্থানীয়রাও অনেক চেষ্টা করেও বানরটিকে বাঁচাতে পারেন নি।এদিন কৃষি দপ্তরের সামনে দিয়ে যাওয়া বিদ্যুতের তারে একটি বানর শাবক বিদ্যুৎপৃষ্ট হয়ে তারের মধ্যে ঝুলে ছিল। বানর শাবকটি গাছে খেলতে খেলতে সেই বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে।
বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তারা খবর দেন বিদ্যুৎ দপ্তরে। সেই বানরটির মা পাশের ডাল থেকে তার শাবককে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। সেও পৌঁছতে পারেনি তার কাছে। শেষমেষ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে সেই তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরে মা মৃত বানর শাবককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও ততক্ষণে তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ রাস্তার গাছের ডালের সাথে বিপদজনক ভাবে রয়েছে বিদ্যুতের তার।
যখন তখন ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা। বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীদের উচিত খুব দ্রুত ব্যবস্থা নেওয়া। এদিন একটি অসহায় বানর শাবকের মৃত্যু হয়েছে। আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এদিন খবর পেয়ে এলাকায় পৌঁছান চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকারও। বিদ্যুৎ বন্টন কোম্পানির তরফে অবশ্য এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।






