মোদীর মাস্টারস্ট্রোক: প্রথম ক্যাবিনেট বৈঠকেই বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত
গত ১৫ বছরের দুর্নীতির হিসেব নিতে ‘শ্বেতপত্র’ জারি করবে বিজেপি সরকার
Truth Of Bengal: নির্বাচনের পারদ যখন চরমে, তখনই পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে রাজ্যবাসীর উদ্দেশে ‘মোদীর গ্যারান্টি’ নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কলকাতায় বসে অমিত শাহের ইস্তাহার প্রকাশের ঠিক পরদিনই কাটোয়ার জনসভা থেকে মোদী স্পষ্ট জানিয়ে দিলেন, ৪ মে-র পর বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই কার্যকর করা হবে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প।
কাটোয়ার সভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “তৃণমূল ভয় পেয়েছে, তাই একের পর এক মিথ্যে বলছে। ওরা বলছে বিজেপি এলে প্রকল্প বন্ধ হবে, কিন্তু আসলে বিজেপি এলে ওদের দুর্নীতির দোকান আর লুঠ বন্ধ হবে।” তিনি অভিযোগ করেন, আয়ুষ্মান ভারত ও পিএম বিশ্বকর্মার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বাধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষের বড় ক্ষতি করেছে। মোদীর প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে যুবরা লক্ষ লক্ষ চাকরি পাবেন, শূন্যপদে নিয়োগ হবে এবং সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন।
বর্ধমান জেলাকে কৃষি ও শিল্পের কেন্দ্র উল্লেখ করে মোদী বলেন, এখানকার সীতাভোগ ও মিহিদানার নাম বিশ্বজুড়ে থাকলেও তৃণমূলের শাসনে আলু চাষিরা আজ সর্বস্বান্ত। কৃষকদের জন্য ইস্তাহারে ঘোষিত ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুবিধার কথা মনে করিয়ে দিয়ে তিনি ঘোষণা করেন, গত ১৫ বছরের দুর্নীতির হিসেব নিতে ‘শ্বেতপত্র’ জারি করবে বিজেপি সরকার।
মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের উদ্দেশেও এদিন কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি সাফ জানান, মতুয়ারা তৃণমূলের দয়ায় নয়, দেশের সংবিধানের জোরেই সুরক্ষিত। নাগরিকত্ব দিতে সিএএ-র কাজ আরও দ্রুত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এদিন সভার ভিড় দেখে আপ্লুত মোদী বলেন, “এমন জমায়েত আমি গুজরাতেও কখনও দেখিনি।” বিহার, মহারাষ্ট্র ও হরিয়ানার উদাহরণ টেনে তিনি দাবি করেন, বাংলায় মহিলাদের বিপুল ভোটদানের হারই নিশ্চিত করছে যে ৪ মে-র পর এ রাজ্যে পরিবর্তন আসছে।






