ইটের দেওয়াল কেটে মোবাইল দোকানে দুঃসাহসী চুরি
Mobile phone shop burglarised by cutting brick wall
Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: দোকানের শাটার খুলতেই চক্ষু চড়ক গাছ কর্মীদের। প্রায় আড়াইশো বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার শান্তিপুর শহরে। মোবাইলের দোকানের দেওয়াল কেটে লুটপাট চালাই দুষ্কৃতীরা। কেটে দেওয়া হয় সিসি ক্যামেরার তার। চাঞ্চল্যকর চুরির ঘটনা শান্তিপুর বাইগাছি পাড়া এলাকায়।
কর্মীদের দাবি, গতকাল রাতে দোকানের শাটার নামিয়ে তালা বন্ধ করে বাড়ি গিয়েছেন প্রত্যেকে। শনিবার সময় মতো দোকান খুলতেই দেখে একটাও মোবাইল ফোন নেই। সিসি ক্যামেরার তার ছেড়া অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোনের বাক্স। নজর ঘোরাতেই দেখে দোকানের ইটের দেয়াল কাটা। দুষ্কৃতীরা সেখান দিয়েই ভেতরে ঢুকে লুটপাট চালায় বলে অনুমান কর্মীদের।
খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করে শান্তিপুর থানার পুলিশ। তবে এই দুঃসাহসিক চুরির ঘটনায় মাথায় হাত দোকান মালিক সহ কর্মীদের। কতটাকার মোবাইল ফোন চুরি হয়েছে তা এখন স্পষ্ট নয়। অভিযুক্তদের খুঁজতে জোরকদমে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।






