রাজ্যের খবর

MLA Cup Football Tournament: ক্যানিংয়ে এম এল এ ফুটবল টুর্ণামেন্ট কাপের উদ্বোধন করলেন সাংসদ দেব

মাঠে উপস্থিত হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উদ্দেশ্যে বল ছুড়ে তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

লোকেশ হালদার,ক্যানিং: ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দশম এমএলএ কাপের শুভ সূচনা হল। শনিবার বিকেলে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন টলিউড সুপারস্টার তথা ঘাটের সাংসদ দেব। মাঠে উপস্থিত হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উদ্দেশ্যে বল ছুড়ে তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। আগামী ২৮ ডিসেম্বর শনিবার এই প্রতিযোগিতার মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে।

এক সপ্তাহব্যাপী এই ফুটবল মহোৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮টি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে। সম্পূর্ণ টুর্নামেন্টটি দিবারাত্রির আলোকসজ্জায় অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ১০ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল এবং সুন্দরবন জেলার সভাপতি জয়দেব হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস এবং ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লা।

সাংসদ দেবকে কাছ থেকে দেখতে এবং ফুটবল উন্মাদনায় সামিল হতে এদিন ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলার মাঠ থেকেই সাংসদ প্রতিমা মণ্ডলের উদ্যোগে সাধারণ মানুষের পরিষেবার জন্য একটি নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। ফুটবলকে কেন্দ্র করে ক্যানিং ও সংলগ্ন এলাকায় এখন উৎসবের আমেজ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এক সপ্তাহ ধরে চলা এই প্রতিযোগিতায় প্রতিদিন জমজমাট লড়াই দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। সুন্দর পরিকাঠামোয় আয়োজিত এই টুর্নামেন্ট দক্ষিণ ২৪ পরগনার অন্যতম সেরা ক্রীড়া আসর হিসেবে পরিচিতি পেয়েছে।

Related Articles