রাজ্যের খবর
চা খেতে গিয়ে দোকানদারের হাতে খুন! পলাতক অভিযুক্ত
ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ও দোকানদারের মধ্যে পূর্বে কোনও বিরোধের খবর জানা যায়নি।
Truth Of Bengal: মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের পদ্মনাভপুর গ্রামে শুক্রবার সকালে এক ব্যক্তি খুন হন চায়ের দোকানে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মৃতের নাম আব্দুল খালেক মণ্ডল ওরফে লালটু (৫৪)। সেদিন সকালে তিনি বাড়ির কাছেই একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় দোকানদার হঠাৎ বাড়ি থেকে একটি ধারালো হাসুয়া নিয়ে এসে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ও দোকানদারের মধ্যে পূর্বে কোনও বিরোধের খবর জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিহরপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত চায়ের দোকানদার ঘটনার পর থেকে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।