রাজ্যের খবর

Gangasagar Bridge: অপেক্ষার অবসান! মুড়িগঙ্গার ওপর গঙ্গাসাগর সেতু তৈরির দায়িত্ব পেল বিশ্বের সেরা নির্মাণ সংস্থা

নতুন করে টেন্ডার প্রকাশ ও নিষ্পত্তির মধ্য দিয়ে সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার

Truth of Bengal: বহু প্রতীক্ষার পর অবশেষে গঙ্গাসাগর সেতু নির্মাণ প্রকল্প এগোল একধাপ। মুড়িগঙ্গা নদীর ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই সেতু তৈরির দায়িত্ব পেল বিশ্বের অন্যতম নামকরা নির্মাণ সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো । নতুন করে টেন্ডার প্রকাশ ও নিষ্পত্তির মধ্য দিয়ে সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার (Gangasagar Bridge)।

দীর্ঘদিন ধরেই সাগরবাসীরা  এই সেতুর দাবি জানিয়ে আসছিলেন। কারণ, প্রতিদিন ফেরি পারাপারের সমস্যায় তাঁদের বেশ ভোগান্তির মুখে পড়তে হয়। সেই সমস্যার স্থায়ী সমাধান হিসেবেই মুখ্যমন্ত্রী বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেন এবং  প্রাথমিক ভাবে এক হাজার কোটি টাকা বরাদ্দ করেন।  তবে এর আগে পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় টেন্ডার বাতিল হয়ে যায়, যা নিয়ে বিরোধীরা সমালোচনায় সরব হয়েছিল।শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে লার্সেন অ্যান্ড টুব্রো-এর হাতে দায়িত্ব তুলে দিল রাজ্য। প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই সেতু। চুক্তি অনুযায়ী, কাকদ্বীপের লট নম্বর ৮ থেকে কচুবেরিয়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ চার বছরের মধ্যে শেষ করতে হবে (Gangasagar Bridge)।

ইতিমধ্যেই মুড়িগঙ্গা নদীতে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। এবার আন্তর্জাতিক মানের এই সংস্থা দায়িত্ব নেওয়ায় দ্বীপবাসীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাঁদের বিশ্বাস, দ্রুত কাজ শুরু হলে আগামী কয়েক বছরের মধ্যেই যোগাযোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচিত হবে সাগর দ্বীপে। এই প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, আগে টেন্ডার বাতিল হওয়ার পর বিরোধীরা বলেছিল গঙ্গাসাগর সেতু আর হবে না। কিন্তু আজ নতুন করে টেন্ডার নিষ্পত্তি হয়েছে। যারা মিথ্যা প্রচার করেছিল, তাদের মুখে চুনকালি পড়েছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ তাদের জবাব দেবে। এই সেতু তৈরি হলে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষ দ্রুত ও সহজে যাতায়াতের সুবিধা পাবেন। পাশাপাশি, দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্য চালানোর ক্ষেত্রেও এই উন্নয়নমূলক প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ওয়াকিবহাল মহলের মতে, গঙ্গাসাগর সেতু নির্মাণে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটল। এখন শুধু সময়ের অপেক্ষা—কবে কাজ শুরু হয়ে শেষ হয় এই সেতু নির্মাণ।

Related Articles