রাজ্যের খবর

‘কন্ট্রোল করতে পারবে না, বাংলা বাংলা চালাবে…’, উত্তরবঙ্গ সভা মঞ্চে মুখ্যমন্ত্রী

উন্নয়নমূলক পদক্ষেপের ঘোষণা যেমন ছিল, তেমনই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি।

Truth Of Bengal: সরকারি পরিষেবা প্রদান, প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি বুধবার জলপাইগুড়ির এবিপিসি ময়দান সাক্ষী থাকল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীক্ষ্ণ বার্তার। উন্নয়নমূলক পদক্ষেপের ঘোষণা যেমন ছিল, তেমনই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানালেন, “তোমরা আমাদের কন্ট্রোল করতে পারবে না। বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়।”

তিনি জানান, ইতিমধ্যেই প্রায় ২৪ হাজার পরিযায়ী শ্রমিক পরিবারকে রাজ্যে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তাঁর অভিযোগ, “বাইরের রাজ্যের দেড় কোটি মানুষ বাংলায় বসবাস করে। তাঁদের আমরা সরকারি পরিষেবা দিই। অথচ ডবল ইঞ্জিন সরকার বাংলার শ্রমিকদের বাইরে গিয়ে হেনস্তা করে, মেরে তাড়ায়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে মুখ্যমন্ত্রীর আক্রমণ, “দেশের নেতা কেমন হয়, গান্ধীজি যেমন হয়। আর ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছিল। বাংলার ভাগের টাকাও আটকে রাখে, আর বলে বাংলা কিছু কাজ করে না!”

তিনি আরও বলেন, “ভোট এলেই এনআরসি, ক্যা ক্যা করবে, এ জিনিস আর চলবে না। যতদিন বেঁচে থাকবে মানুষের হয়ে রাজনীতি করে যাব।”

সভা থেকে উত্তরবঙ্গের দীর্ঘস্থায়ী জল সংকট নিয়েও মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। তাঁর কথায়, দক্ষিণবঙ্গে ডিভিসি জল ছাড়ে, উত্তরবঙ্গে ভুটান। আমরা ডুবব আর ওরা জল ছাড়বে এভাবে চলতে পারে না।

তিনি জানান, কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে যাতে ইন্দো-ভুটান রিভার কমিশনে পশ্চিমবঙ্গকেও অন্তর্ভুক্ত করা হয়। তবেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

Related Articles