রাজ্যের খবর

BLO Controversy: ৮০ হাজার BLO-র তালিকা হাতে, ১০ হাজার TMC ঘনিষ্ঠ, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানান, তাঁদের হাতে ইতিমধ্যেই প্রায় ৮০ হাজার BLO-র নাম রয়েছে, যা জেলা প্রশাসনের বিভিন্ন দফতর থেকে সংগ্রহ করা হয়েছে।

Truth of Bengal: রাজ্যের ভোট পরিকাঠামো ঘিরে ফের বড়সড় অভিযোগ তুলে বিস্ফোরণ ঘটালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ব্লক লেভেল অফিসার (BLO) পদে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মীকে নিযুক্ত করা হচ্ছে—এমনই দাবি তুলে কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুললেন তাঁরা। শুধু তাই নয়, ভুয়ো ভোটার, বালি পাচার ও ইডি তদন্তের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকেও তুলোধোনা করলেন শুভেন্দু (BLO Controversy)।

এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানান, তাঁদের হাতে ইতিমধ্যেই প্রায় ৮০ হাজার BLO-র নাম রয়েছে, যা জেলা প্রশাসনের বিভিন্ন দফতর থেকে সংগ্রহ করা হয়েছে। এই তালিকার মধ্যে থেকে কমপক্ষে ১০ হাজার তৃণমূল ঘনিষ্ঠ BLO-র নাম উঠে আসবে বলেই আশঙ্কা, দাবি তাঁর। তিনি বলেন, “ইতিমধ্যেই ৩-৪ হাজার BLO-র নাম আমরা নিশ্চিত করতে পেরেছি। আগামী সপ্তাহে সেই তালিকা কমিশনে জমা দেওয়া হবে। পাশাপাশি সাংবাদিক বৈঠকের মাধ্যমে জনগণকে বিষয়টি জানানো হবে।” শুভেন্দুর আরও দাবি, কমিশনের ভূমিকা এখনও পুরোপুরি সন্তোষজনক না হলেও, কিছু ক্ষেত্রে সক্রিয়তা দেখা গেছে। উদাহরণ হিসেবে তিনি আসানসোলের একটি ঘটনা তুলে ধরেন, যেখানে ২৪ ঘণ্টার মধ্যে BLO বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (BLO Controversy)।

আরও পড়ুনঃ ‘কন্ট্রোল করতে পারবে না, বাংলা বাংলা চালাবে…’, উত্তরবঙ্গ সভা মঞ্চে মুখ্যমন্ত্রী

এই অভিযোগ আরও জোরদার করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, “তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, নেত্রী রাজলক্ষ্মী সাউ ও সিউজি সাউয়ের মতো একাধিক নেতা-কর্মীকে BLO হিসেবে নিযুক্ত করা হয়েছে।” তাঁর অভিযোগ, শুধু রাজনৈতিক কর্মীই নয়, অঙ্গনওয়াড়ি কর্মী, স্কুলের নন-টিচিং স্টাফরাও এই পদে নিযুক্ত হচ্ছেন। যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নীতির সম্পূর্ণ পরিপন্থী, দাবি অর্জুনের। ভাটপাড়া কেন্দ্রের প্রসঙ্গ তুলে অর্জুন বলেন, “এই অঞ্চলে অন্তত ৯,৩৭৭ জন ভুয়ো ভোটার রয়েছেন। কেউ বহুদিন আগে মারা গেছেন, কেউ রাজ্যের বাইরে থাকেন, আবার অনেকের নাম একাধিক ভোটার তালিকায় রয়েছে (BLO Controversy)।”

তিনি বলেন, এই বিষয়েও যথোপযুক্ত পদক্ষেপ করা হবে এবং কমিশনে নালিশ জানানো হবে। বালি পাচারে ইডি-র অভিযান ও ‘ভাইপো’র নাম টেনে আক্রমণ শুভেন্দুর। রাজ্যে বালি পাচার কাণ্ডে ইডি-র সাম্প্রতিক তল্লাশি ঘিরেও তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ইডি-র তদন্তে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার উৎস ভাইপো পর্যন্ত গিয়েছে। রাজ্য জুড়ে চলছে লুটপাট। পুলিশ কিছু করছে না। অভিযুক্তদেরই গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা।” সৌরভ রায় নামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয় ৬৫ লক্ষ টাকা, বাজেয়াপ্ত হয় একাধিক নথি ও মোবাইল ফোন। গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, জিডি মাইনিংয়ের কর্মী শেখ জহিরুল আলির বাড়ি থেকে উদ্ধার হয় আরও ২৫ লক্ষ টাকা (BLO Controversy)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

BLO-র মতো গুরুত্বপূর্ণ পদে দলীয়করণ, ভোটার তালিকায় অনিয়ম, দুর্নীতি, এবং ইডি তদন্ত—সব মিলিয়ে রাজ্যে শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিধানসভা ভোটের আগে চাপ বাড়াচ্ছে বিজেপি। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি—এভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হলে, বিরোধীরা মাঠে নামবে ও কমিশনের দ্বারস্থ হবে (BLO Controversy)।

Related Articles