রাজ্যের খবর

ইডির বিরুদ্ধে FIR! আপাতত I-PAC অফিসেই অবস্থান মুখ্যমন্ত্রীর?

তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরণের তল্লাশি চালানো হচ্ছে এবং আইনি পথেই এর মোকাবিলা করবে তাঁর দল।

Truth Of Bengal: সল্টলেক সেক্টর ফাইভের আই-প্যাক (I-PAC) দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানকে কেন্দ্র করে চরম সংঘাত। বৃহস্পতিবার দফতরে পৌঁছে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ‘নথি চুরি’র চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ইডি-র বিরুদ্ধে এফআইআর (FIR) করা হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিন তিনি বিজেপিকেও তোপ দাগিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, “হিম্মত থাকলে রাজনৈতিকভাবে লড়াই করুন। তা না করে ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি চুরি করছেন? এবার আমি যদি বিজেপির অফিসে তল্লাশি করি? সেটা কি ঠিক হবে?”

এদিন আই-প্যাক দফতরে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”ফাঁকা অফিসে ফরেনসিক নিয়ে এসে ল্যাপটপ থেকে নথি চুরি করা হয়েছে। এটা ক্রাইম।” তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরণের তল্লাশি চালানো হচ্ছে এবং আইনি পথেই এর মোকাবিলা করবে তাঁর দল।

যতক্ষণ না আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈন সেখানে পৌঁছচ্ছেন, ততক্ষণ তিনি সল্টলেকের ওই দফতরেই অবস্থান করবেন বলে জানা গিয়েছে। কোনও ভাবেই যে তিনি এই তল্লাশি বা নথিপত্র নিয়ে যাওয়ার বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না, তাঁর এই অবস্থান তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান এবং কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সরাসরি ‘চুরির’ অভিযোগ তোলায় সরগরম রাজ্য রাজনীতি। নবান্ন সূত্রের খবর, দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে ইতিমধ্যেই ইডি-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

Related Articles