Balurghat: বাংলাদেশে পাচারের আগেই বালুরঘাটে ১০ লক্ষ টাকার নিষিদ্ধ ওষুধসহ গ্রেফতার মা-ছেলে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মা ও ছেলের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায়।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বাংলাদেশে পাচারের আগেই বড়সড় সাফল্য পেল বালুরঘাট থানার পুলিশ। বুধবার গভীর রাতে বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এক মা ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মা ও ছেলের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায়। তবে দীর্ঘদিন ধরেই তারা বালুরঘাট শহরের কবিতীর্থ ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। কীভাবে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ তাদের কাছে এল এবং এর সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। বালুরঘাট শহরের সুভাষকর্ণার এলাকায় একটি টোটোর গতিবিধি পুলিশের সন্দেহ হয়। রাতের অন্ধকারে টোটোটির আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় সেটির পিছু নেয় টহলরত পুলিশ। কিছুদূর যাওয়ার পর বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টোটোটিকে ধাওয়া করে আটক করা হয়।টোটোতে থাকা মা ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করতেই বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে দু’জনকেই আটক করা হয় এবং ওষুধগুলি বাজেয়াপ্ত করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস-সহ বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া ওষুধগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল কি না, সেই দিকেই এখন পুলিশের তদন্তের মূল ফোকাস।
এদিকে টোটোর চালক রূপক মালাকার জানান, মা ও ছেলে তার টোটোতে কবিতীর্থ এলাকার উদ্দেশ্যে উঠেছিলেন। তাদের সঙ্গে একটি ব্যাগ ছিল ঠিকই, তবে তার ভেতরে কী রয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। পরে পুলিশ এসে টোটো আটক করে ব্যাগ তল্লাশি করে ওই ওষুধগুলি উদ্ধার করে।পুরো ঘটনার পেছনে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের শিকড়ে পৌঁছনোর চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।






