রাজ্যের খবর

Madhyamgram Blast: মধ্যমগ্রামে আইইডি বিস্ফোরণ, প্রেমিকার স্বামীকে হত্যা করতে গিয়ে মৃত্যু যুবকের

প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করেছে, যুবকের হাতে থাকা কালো ব্যাগটিতেই বিস্ফোরক ছিল, যা সক্রিয় করার সময় ঘটে দুর্ঘটনা।

Truth of Bengal: রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম ফ্লাইওভারের নিচে অবস্থিত রবীন্দ্র মুক্তমঞ্চে এক ‘রহস্যজনক’ বিস্ফোরণে মৃত্যু হয় উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্রের (২৫)। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করেছে, যুবকের হাতে থাকা কালো ব্যাগটিতেই বিস্ফোরক ছিল, যা সক্রিয় করার সময় ঘটে দুর্ঘটনা। মধ্যমগ্রাম বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে আইইডি (Madhyamgram Blast)!

আরও পড়ুনঃ শোরগোল বাংলায়! ‘মেন্টাল হেল্‌থের নামে পরোক্ষে কোন সার্ভে? মমতার অভিযোগ অস্বীকার কল্যাণী এমসের

বারাসত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানিয়েছেন, মৃত যুবক আইটিআই ফিটার কোর্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে হরিয়ানার একটি গ্লাস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তার মধ্যমগ্রামের দেবীগড়ের এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, সচ্চিদানন্দের আগমনের মূল উদ্দেশ্য হতে পারে প্রেমিকার স্বামীর উপর প্রতিশোধ নেওয়া। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হওয়া ব্যাগে ইলেকট্রিক তার, ব্ল্যাকটেপ, চার্জার, আধার কার্ড সহ বেশ কিছু নমুনা পাওয়া গেছে। তবে এই আইইডি তৈরি ও ব্যবহার তিনি কি নিজেই শিখেছেন, নাকি অন্য কেউ তাকে সরবরাহ করেছে, তা খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ (Madhyamgram Blast)।

তদন্তে জানা গেছে, সচ্চিদানন্দের প্রেমের বিষয়টি ইন্সটাগ্রামের চ্যাট ও তার মোবাইল কল ডিটেইল থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশের আরও একটি সূত্র বলছে, প্রেমিকা সাম্প্রতিক সময়ে তাকে এড়িয়ে চলছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রেমিকাকে ‘তুষ্ট’ করা, নাকি তার স্বামীকে ‘লক্ষ্যবস্তু’ করা – এই লক্ষ্য নিয়েই কি তিনি মধ্যমগ্রামে এসেছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, দু’-তিন দিন আগে কলকাতায় এসেছিলেন সচ্চিদানন্দ। প্রেমিকার বাড়ির ঠিকানা জানা সত্ত্বেও, রবিবার রাতে মধ্যমগ্রাম স্টেশনের এক ফল ব্যবসায়ী থেকে সে পথ নির্দেশনা নিয়েছিলেন। বিস্ফোরণের পর ওই ব্যবসায়ীই তাকে শনাক্ত করেন।

Truth of Bengal: https://www.facebook.com/truthofbengal

প্রাথমিক পরিস্থিতি অনুযায়ী, বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়; ডান হাত ও পা বিচ্ছিন্ন, মুখমণ্ডলেও গুরুতর আঘাত। বিস্ফোরণের ধাক্কায় রবীন্দ্র মঞ্চের বসার বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ১০ ফুট দূরের মধ্যমগ্রাম হাইস্কুলের নোটিস বোর্ডের কাচও ভেঙে গেছে। এ ঘটনা খতিয়ে দেখতে সোমবার সকালে এনআইএ পরিদর্শনে যায়। নিহত যুবকের বাবা অশ্বিনী কুমার মিশ্রের ফোন নম্বর থেকে পুলিশকে মৃত্যুর আগে তথ্য মিলেছে। মঙ্গলবার সকালে মৃত যুবকের পরিবারের সদস্যরা মধ্যমগ্রামে পৌঁছবেন। ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত ত্বরান্বিত করছেন (Madhyamgram Blast)।

 

Related Articles