রাজ্যের খবর

বালুরঘাটে বামফ্রন্টের শক্তি প্রদর্শন, চার বিধানসভায় প্রার্থীদের মনোনয়ন জমা

কর্মসংস্থান, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন—এই বিষয়গুলিই মূল ইস্যু

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলায় শক্তি প্রদর্শনে নামল বামফ্রন্ট। বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও কুমারগঞ্জ—এই চারটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা এদিন আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়ন জমা দেন। দুপুর একটা নাগাদ বালুরঘাটের যুবশ্রী মোড় এলাকা থেকে বিশাল মিছিল শুরু হয়। দলীয় পতাকা, স্লোগান আর কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে ভরপুর সেই মিছিল জেলা শাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেয়।

প্রায় দেড়টা নাগাদ মিছিল জেলা শাসকের কার্যালয়ে পৌঁছয়, সেখানেই প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। বামফ্রন্ট সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট কেন্দ্রে আরএসপি প্রার্থী হিসেবে অর্ণব চৌধুরীকে, তপনে আরএসপির বাপ্পাই হোরোকে প্রার্থী করা হয়েছে। কুমারগঞ্জে সিপিএমের মোফাজ্জল হোসেন এবং গঙ্গারামপুরে সিপিএমের বিপ্লব সরকার লড়াইয়ে নেমেছেন।

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ। এদিন বালুরঘাটের প্রার্থী অর্ণব চৌধুরী বলেন,“কর্মসংস্থান, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন—এই বিষয়গুলিই আমাদের মূল ইস্যু। পাশাপাশি বালুরঘাটে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিও আমরা সামনে রাখছি।”

অন্যদিকে তপনের প্রার্থী বাপ্পাই হোরো জানান, তাঁর বিধানসভা এলাকায় একাধিক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলির সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন,“মানুষের সমর্থন পেলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।” নির্বাচনের আগে এই মনোনয়ন পর্বকে ঘিরে জেলায় বামফ্রন্টের সংগঠনিক শক্তির এক ঝলক স্পষ্টভাবে ধরা পড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Related Articles