
The Truth of Bengal: দেশের বৃহত্তম কুম্ভমেলার কথা কে না জানেন। সেই কুম্ভমেলার আদলে গত দুবছর ধরে হুগলির বাঁশবেড়িয়ায় আয়োজন করা হয়েছিল কুম্ভমেলা। এবছর সেই মেলার অনুমতি দেওয়া হল না। মাধ্যমিক পরীক্ষার কারণে এই মেলার অনুমতি দিল না। এ বছর ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি এই মেলার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু যেহেতু সেই সময়ে মাধ্যমিক পরীক্ষা চলবে, তাই প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি দেওয়া হল না।
হুগলি সদর মহকুমার মহকুমাশাসক স্মিতা সান্যাল শুক্লা, শিবপুর ক্লাব, বাঁশবেড়িয়া পুরসভা, কুম্ভমেলা কমিটি, পুলিশ, দমকল এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি নিয়ে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁশবেড়িয়ার এই এলাকায় বেশ কয়েকটি স্কুল আছে। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মেলার অনুমতি দেওয়া হচ্ছে না। এবিষয়ে বাঁশবেড়িয়া পুরসভার উপপুরধান শিল্পী চট্টোপাধ্যায় জানান, এখানে যখন কুম্ভমেলা চলার কথা, সেই সময় মাধ্যমিক পরীক্ষা চলবে। তাই পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এবারের কুম্ভমেলা স্থগিত রাখা হচ্ছে। সকলের উপস্থিতিতে মিলিত আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত দু’বছর মেলে আঘিরে বহু মানুষের সমাগম লক্ষ্য করা গিয়েছে। এবছরও মেলা হলে অগণিত মানুষ আসতেন। ভিড়ের চাপে গোটা এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ত। মাধ্যমিক পরীক্ষায় যার ব্যাপক প্রভাব পড়তো। তাই মেলা কমিটি সহ সমস্ত বিভাগের সঙ্গে আলচনা করে প্রশাসন মেলা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।






