Krishnanagar Puja: ঐতিহ্যের নতুন অধ্যায়! কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় ভার্চুয়ালি শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী
প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন কৃষ্ণনগরের বেশ কিছু ক্লাব ও বারোয়ারির পুজো।
মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে ১৭০০ দশকে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজোর প্রচলন। কৃষ্ণনগর থেকেই ধীরে ধীরে এই পূজা ছড়িয়ে পড়ে চন্দননগর, বাঁশবেড়িয়া, কলকাতা ও সমগ্র বাংলায়। সেই ঐতিহ্যের ধারায় এবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায় , ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন কৃষ্ণনগরের বেশ কিছু ক্লাব ও বারোয়ারির পুজো। এর মধ্যে উল্লেখযোগ্য চাষাপাড়া বারোয়ারির ঐতিহ্যবাহী “বুড়িমা” পুজো, পাত্রবাজারের স্বীকৃতি ক্লাব। এবছর কৃষ্ণনগর চাষা পাড়া বুড়িমার পুজো ২৫৩ তম বর্ষের পদার্পণ করলো। জানা যায় ১৭৭২ সালে এই বুড়িমার পুজো শুরু হয়। কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্রের শহরে মূল পুজো হয় নবমীর দিন , তাই বুড়ি মা”কে সাজানো হবে ২৯ অক্টোবর বুধবার সন্ধ্যায়। চাষাপাড়ার বুড়িমা পুজো দেখতে প্রতি বছর কয়েক লক্ষ ভক্ত সমবেত হন।
চাষাপাড়া বারোয়ারির উদ্যোক্তাদের কথায়, “বুড়িমাকে মুখ্যমন্ত্রী দর্শন করবেন এটা আমাদের বড় পাওনা। আশা করি, ভবিষ্যতে তিনি স্বয়ং এসে আমাদের পুজো দেখবেন।” কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল অংশগ্রহণে এখন জেলাজুড়ে উৎসবের উচ্ছ্বাস ও গর্বের আবহ।





