কলকাতারাজ্যের খবর

ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ৫ জেলায় জারি বিশেষ সতর্কতা

রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Truth of Bengal: রাজ্যে গত কয়েক দিনের অস্থির আবহাওয়ার রেশ এখনই কাটছে না, বরং আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে— একটি পূর্ব বিহার থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ পর্যন্ত এবং অন্যটি পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, যা কালবৈশাখী বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। এই পরিস্থিতির জেরে আগামী ১৭ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান— এই পাঁচটি জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটারের আশেপাশে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ১৫ মে পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ১৭ মে পর্যন্ত আবহাওয়া মোটের ওপর একই রকম থাকবে। বৃষ্টির কারণে আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে বলে মনে করা হচ্ছে।

কলকাতার আকাশেও আজ রোদে-মেঘের খেলা চলবে। আলিপুর জানিয়েছে, শহরে সকালের দিকে ভ্যাপসা গরম থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে শহরের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। অন্যদিকে, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানাচ্ছে, দফায় দফায় বৃষ্টি ও মেঘলা আকাশের জেরে এখনই পারদ চড়ার কোনো সম্ভাবনা নেই।

Related Articles