“পুলিশকে উল্টো করে ঝোলাব”, শাহী সুরে অনুব্রত-গড়ে হুমকি জগন্নাথের
Truth of Bengal: বীরভূমের রাজনৈতিক উত্তাপ এবার এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ির ১৪ নম্বর ওয়ার্ডের একটি পথসভা থেকে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য পুলিশকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুরেই এবার জগন্নাথের মুখে শোনা গেল ‘উল্টো করে ঝুলিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি।
তৃণমূলের বিরুদ্ধে ভোট কিনতে টাকা বিলির অভিযোগ তুলে ভোটারদের বিশেষ পরামর্শ দেন জগন্নাথ। তিনি বলেন, “তৃণমূলের এই চোরেদের সরকার আগামী ৭-৮ দিন টাকা বিলি করবে। টাকা দিতে এলে ভিডিও করুন, বেঁধে রাখুন, তারপর আমাকে জানান। কীভাবে স্যাটা গরম করতে হয় আমি দেখে নেব। আর যদি সাহস না থাকে, তবে ৫ হাজার দিতে এলে ১০ হাজার চান, ১০ দিতে এলে ২০ চান। বলবেন এখন জিনিসের দাম বেড়েছে।” গত পুরভোটে তৃণমূল বন্দুকের নলে জিতেছে বলেও এদিন তোপ দাগেন তিনি।
রাজ্য পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে জগন্নাথ দাবি করেন, সিউড়িতে আইনের শাসন নয়, বরং শাসকের আইন চলছে। পুলিশ বিরোধীদের সুরক্ষা দেওয়ার বদলে উল্টে প্রার্থীপদ প্রত্যাহার করার চাপ দিচ্ছে বলে তাঁর অভিযোগ। এদিন প্রকাশ্য জনসভা থেকেই তিনি হুমকি দেন, “আমরা সেই সমস্ত অফিসার ও পুলিশ কর্মীদের তালিকা তৈরি করে রেখেছি যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। মে মাসে সরকার প্রতিষ্ঠা হলে শুধু অপরাধীদের অ্যান্টিবায়োটিক দেব না, অমিত শাহ যা বলে গিয়েছেন তাই হবে, ওই পুলিশদের উল্টো করে ঝুলিয়ে দেব।”
সিউড়ির বিজেপি প্রার্থীর এই ‘অ্যান্টিবায়োটিক’ এবং ‘উল্টো করে ঝোলানোর’ মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জেলায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। তাদের দাবি, পায়ের তলায় মাটি নেই জেনেই বিজেপি প্রার্থীরা এখন খুনের হুমকি এবং গুণ্ডামি করছেন। ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে সিউড়ির এই বাগযুদ্ধ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই বড় প্রশ্ন।






