গান্ধীজি ‘দেশদ্রোহী’! বিজেপি প্রার্থীর মন্তব্যে তুলকালাম ধূপগুড়িতে, থানায় FIR দায়ের
ভোটের মুখে জাতির জনককে চরম অপমান? ধূপগুড়ির বিজেপি প্রার্থীর ভাইরাল ভিডিয়ো ঘিরে অগ্নিগর্ভ উত্তরবঙ্গ
Truth of Bengal: জাতির জনক মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে চরম বিতর্কে জড়ালেন জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। এই বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই জলপাইগুড়ি জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এবার সেই ইস্যুতেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরাসরি থানায় এফআইআর (FIR) দায়ের করল জাতীয় কংগ্রেস। সোমবার রাতে ধূপগুড়ি থানায় পৌঁছে লিখিত অভিযোগ জমা দেন কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায়-সহ জেলা নেতৃত্ব।
ঘটনার সূত্রপাত একটি কর্মিসভাকে কেন্দ্র করে। অভিযোগ, ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে মেজাজ হারিয়ে মহাত্মা গান্ধীকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, মহাত্মা গান্ধী একজন ‘দেশদ্রোহী’। ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম, তবে এই মন্তব্য সামনে আসতেই সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই ইস্যুতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে।
এবার পাল্টা আক্রমণ শানাল কংগ্রেসও। থানায় অভিযোগ দায়ের করার পর ধূপগুড়ির কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায় বলেন, “জাতির জনককে নরেশ চন্দ্র রায় যেভাবে আক্রমণ করেছেন, তা ক্ষমার অযোগ্য। একজন দায়িত্বশীল পদের প্রার্থী হয়ে তিনি কীভাবে এই কথা বললেন? আমরা তাঁর কঠোর শাস্তির দাবিতে থানায় অভিযোগ জানিয়েছি।” কংগ্রেসের দাবি, অবিলম্বে নরেশ চন্দ্র রায়ের প্রার্থীপদ খারিজ করতে হবে।
কংগ্রেস নেতৃত্ব আরও জানিয়েছে যে, এই বিষয়টি নিয়ে তাঁরা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হতে চলেছেন। যদি কমিশন বা প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হরিশচন্দ্র রায়। সব মিলিয়ে, ভোটের মুখে মহাত্মা গান্ধীকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য ধূপগুড়ির নির্বাচনী সমীকরণে বিজেপিকে বড়সড় অস্বস্তিতে ফেলে দিল।




