
The Truth of Bengal: পূর্ব রেলের হাওড়া বিভাগ থেকে প্রথম ‘অ্যালস্টম’ ইএমইউ কামরা বিশিষ্ট লোকাল ট্রেন চালু করা হল। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বিশেষ রেক বিশিষ্ট কামরার ট্রেন চালু করে পূর্ব রেল। যাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। এই কামরাগুলিতে হাতে আঁকা বিভিন্ন চিত্র অঙ্কিত হয়েছে। কামরার দেওয়ালে, যাত্রী আসনের পেছনে বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর চিত্র আঁকা হয়েছে।
কামরার বাইরের দেওয়াল জুড়ে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ প্রজাতন্ত্র দিবসের ভাবনাকেও ফুটিয়ে তোলা হয়েছে। যাত্রী স্বাছন্দ ও সুরক্ষার কথা মাথায় রেখে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রয়েছে ডিসপ্লে বোর্ড। অত্যাধুনিক লোকাল ট্রেন পেয়ে খুশি যাত্রীরা। আগামীদিনে যে নতুন রেক আসবে, তাতেও এই ধরনের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার। কামরার ভেতরের সৃজনশীলতা মন কেড়েছে যাত্রীদের।
সুবিধা ও স্বচ্ছন্দের কথা মাথায় রেখে রেল এমন উপহার দেওয়ায় খুশি যাত্রীরা। এই কামরাগুলি সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি। ফলে অনেক বেশি মজবুত ও অগ্নিনিয়ন্ত্রক। এতে এয়ার স্প্রিং ব্যবস্থা থাকার জন্য যাত্রাকালীন অভিজ্ঞতা অনেক সুখদায়ক হয়। এই রেকের সবকটি কামরাতে সিসিটিভি ক্যামেরা ও মহিলা কামরায় ‘প্যানিক বাটন’ দেওয়া হয়েছে। বিশেষ পরিস্থিতিতে ওই বাটনের মাধ্যমে মহিলা যাত্রীরা সরাসরি মোটরম্যানের সঙ্গে কথা বলতে পারবেন।






