Malda: মালদায় মর্মান্তিক ঘটনা, জলবন্দি ঘরে বিছানা থেকে পড়ে জলে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনির হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরনন্দী টোলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে
Truth of Bengal: জলবন্দি জীবনে চরম মর্মান্তিক ঘটনার শিকার হল এক দেড় বছরের শিশু। ঘুমানোর সময় বিছানা থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে জলে ডুবে তার মৃত্যু হয়েছে। মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনির হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরনন্দী টোলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে (Malda)।
জানা গেছে, গত কয়েক দিন ধরে ভূতনিতে পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাঁধ ভাঙা জল ঢুকে বহু বাড়ি ঘর সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। মৃত শিশু সুমনের (দেড় বছর) বাবা-মা বিবেক মণ্ডল (৩৮) ও সীমা মণ্ডলও চরম দুর্ভোগের শিকার। জল ঢুকে যাওয়ায় তাদের ঘরেও বুকসমান পানি। এই পরিস্থিতিতে একটি কাঠের চৌকি পেতে তার উপর বিছানা করে মা তার সন্তানকে নিয়ে রাতে ঘুমিয়েছিলেন (Malda)।
শুক্রবার সকালে শিশুটির মা সীমা মণ্ডল ঘুম থেকে উঠে অন্য কাজে যান। তখন সুমন বিছানায় একাই ঘুমোচ্ছিল। হঠাৎ অসাবধানতাবশত বিছানা থেকে নিচে জমে থাকা জলের মধ্যে পড়ে যায় সে। এর কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে শিশুর খোঁজ শুরু করেন মা। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পান, শিশুটি জলের মধ্যে অচৈতন্য অবস্থায় ভাসছে।তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু সেখানে পরীক্ষা করার পর চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন (Malda)।






