রাজ্যের খবর

CBI সাব-ইন্সপেক্টর সেজে নাবালিকাদের টার্গেট! বালিগঞ্জের যুবকের কীর্তিতে তাজ্জব পুলিশ

গত ২২ জানুয়ারি বারুইপুর থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

Truth Of Bengal: নিজেকে সিবিআইয়ের (CBI) সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১৪ বছরের এক নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে অপহরণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অপহৃত নাবালিকাকে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকা থেকে উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককেও।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম কুনাল কাশ্যপ দাস, বাড়ি বালিগঞ্জ এলাকায়। অভিযোগ, সিবিআই অফিসার সেজে কুনাল বিভিন্ন এলাকার নাবালিকাদের টার্গেট করত। প্রায় মাস ছয়েক আগে সে বারুইপুরের মল্লিকপুর এলাকায় একটি ঘর ভাড়া নেয়। সেখানেই ওই নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে গত চার মাস আগে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। গত ২২ জানুয়ারি বারুইপুর থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

তদন্তে নেমে বারুইপুর থানার এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে একটি বিশেষ দল ঠাকুরপুকুর এলাকায় হানা দেয়। সেখান থেকেই কুনালকে গ্রেফতার করা হয় এবং নাবালিকাকে উদ্ধার করা হয়। তল্লাশিতে অভিযুক্তের কাছ থেকে একটি জাল আই কার্ড এবং আসল ভোটার কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সিবিআই পরিচয় দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে নাবালিকাদের ওপর যৌন নির্যাতন চালাত সে।

ধৃত যুবককে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে, ইতিপূর্বে সে আর কতজন নাবালিকাকে একইভাবে প্রতারণার জালে ফাঁসিয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অপহৃত নাবালিকাকে শারীরিক পরীক্ষার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Related Articles