রাজ্যের খবর

‘ফ্যাক্ট’ খুঁজতে ‘ফাইন্ডিং’ টিম বিজেপির, ঢুকতে দেওয়া হল না সন্দেশখালিতে

Fact Finding Team in sandeshkhali

The Truth of Bengal: কয়েকদিন আগে ছড়িয়ে পড়া অশান্তি নিয়ন্ত্রণ করে যখন সন্দেশখালির পরিস্থিতি স্বাভাবিক করছে প্রশাসন, তখন নতুন করে আবার উত্তেজনা সৃষ্টির অভিযোগ উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনে এবার নতুন করে অশান্তি ছড়ানোর পরিস্থিতি হচ্ছে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, এখনও নাকি অশান্ত হয়ে আছে সন্দেশখালি। কিন্তু, বাস্তব অবশ্য সে কথা বলছে না। এখন সন্দেশখালিতে সবকিছু স্বাভাবিক। শুক্রবার ছিল উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা। আমাদের ক্যামেরায় উঠে এসেছে একেবারে নির্বিঘ্নে শেষ হয়েছে পরীক্ষা। এলাকায়ও সবকিছু আছে স্বাভাবিক। অথচ সেই সন্দেশখালিতে ‘ফ্যাক্ট’ খুঁজতে এল বিজেপির ‘ফাইন্ডিং’ টিম। সন্দেশখালির পরিস্থিতি ঠিক কেমন? তা খতিয়ে দেখতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বে মহিলা সাংসদদের নিয়ে তৈরি হয় ৬ সদস্যের তথ্যানুসন্ধান দল।

শুক্রবার সেই টিম সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে। সন্দেশখালির আগে সরবেড়িয়ায় পৌঁছতেই ধামাখালি রোডের লস্করপাড়ায় আটকানো হল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ তাদের ঢুকতে বাধা দেয়। শুরু হয় বাক বিতণ্ডা। শেষে রামপুরে রাস্তার ওপরে বসে পড়েন তাঁরা। ঘন্টাখানেক অবস্থানের পর রামপুর থেকে উঠে যান ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।পুলিশ আগে থেকেই ব্যারিকেড করেছিল এই এলাকায়। বিজেপির তথ্যানুসন্ধান দল আসার আগে থেকেই বাড়ানো হয় নিরাপত্তা। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, যারাই ১৪৪ ধারা লঙ্ঘন করে সন্দেশখালি ঢুকতে চাইবে, অশান্তি এড়াতে তাদের আটকানো হবে।

এলাকায় শান্তি বজায় রাখার জন্য আইন-শৃঙ্খলার সঙ্গে কোনও আপস করা হবে না বলে কড়া মনোভাব নিয়েছে পুলিশ। প্রশ্ন উঠছে, অশান্তির আবহ পার করে এবার যখন শান্তি ফিরছে সন্দেশখালিতে, তখন কেন সেখানে ‘ফ্যাক্ট’ খুঁজতে আসতে হচ্ছে? বিজেপি এই রাজ্যে যে তৎপরতার সঙ্গে ফ্যাক্ট খুঁজতে আসে, কেন সেই তৎপরতা কেন দেখা যায় না উত্তরপ্রদেশ, মণিপুর, মধ্যপ্রদেশের মতো রাজ্যে? কেন সেইসব রাজ্যে যায় না বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম? সন্দেশখালিতে কোন ফ্যাক্ট খুঁজবে বিজেপি? কী ফায়দা তুলতে চায় তারা? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। প্রশ্ন সন্দেশখালিবাসীর মনেও।

Related Articles