দেশ

হোলির উন্মাদনায় গরুকে জোর করে মদ? ভাইরাল ভিডিয়ো ঘিরে ক্ষোভ

দু’জন গরুটির মুখে জোর করে খুলে তার মধ্যে মদ ঢালছে।

Truth Of Bengal: হোলির উৎসবের আবহে হরিয়ানায় প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ। একটি ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, হোলি উদ্‌যাপনের সময় এক গরুকে জোর করে মদ খাওয়ানো হয় এবং মাতাল ব্যক্তিদের বোঝাই করা একটি গাড়ি টানতে বাধ্য করা হয় তাকে। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে ক্ষোভের ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি গরু একটি গাড়ি টানছে, যার উপর বসে রয়েছে কয়েকজন যুবক। অভিযোগ অনুযায়ী, তাদের মধ্যে দু’জন গরুটির মুখে জোর করে খুলে তার মধ্যে মদ ঢালছে। আশপাশে উপস্থিত আরও কয়েকজনকে সেই দৃশ্য দেখতে দেখা যায়। ঘটনাস্থলটি হরিয়ানার বলে দাবি করা হয়েছে।

ভিডিওটি ইনস্টাগ্রামের ‘StreetdogsofBombay’ নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়। আপলোডের এক ঘণ্টার মধ্যেই সেটি ৩৬ হাজার ৮০০-র বেশি ভিউ পায়। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। উৎসবের সময় প্রাণীদের ওপর নির্যাতনের অভিযোগ নতুন নয়, প্রতি বছরই এমন একাধিক ঘটনার খবর সামনে আসে বলে নেটিজেনদের একাংশের দাবি।

উল্লেখ্য, হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। এই উৎসবকে ধুলেটি, ধুলান্ডি বা রঙওয়ালি হোলি নামেও ডাকা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর হোলির তারিখ নির্ধারিত হয়। চলতি বছরে ২ মার্চ পালিত হবে হোলিকা দহন এবং ৩ মার্চ বুধবার রঙের উৎসব হোলি উদ্‌যাপিত হবে।

হোলি মূলত শুভ শক্তির অসুরের ওপর জয়ের প্রতীক হিসেবে পালিত হয়। রঙ, আবির, গান-বাজনা ও নানা ঐতিহ্যবাহী খাবার— যেমন গুজিয়া, মালপুয়া ও ঠান্ডাই— এই উৎসবের বিশেষ আকর্ষণ। মানুষ একে অপরকে রঙ মাখিয়ে, পিচকারির জল ছিটিয়ে আনন্দ ভাগ করে নেয়। তবে আনন্দের মাঝেও প্রাণী নির্যাতনের মতো অভিযোগ সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে উৎসব পালনের মানবিকতা ও সচেতনতা নিয়ে।