শান্তিপুরে চুরি অপবাদে মারধর, আত্মহত্যার চেষ্টা দিনমজুরের
অভিযোগ, কয়েক দিন আগে সোনা ঘোষের বাড়িতে পাঁচিল নির্মাণের সময় জঙ্গল পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন অনুপ।
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: চুরি অপবাদ দিয়ে এক দিনমজুরকে মারধর এবং গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল শান্তিপুরে। অপমান ও আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। বর্তমানে তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।আত্মহত্যার চেষ্টা করা যুবকের নাম অনুপ দেবনাথ। পেশায় দিনমজুর। তিনি স্থানীয় তৃণমূল নেতা সোনা ঘোষের বাড়িতে কয়েক মাস ধরে কাজ করতেন। অভিযোগ, কয়েক দিন আগে সোনা ঘোষের বাড়িতে পাঁচিল নির্মাণের সময় জঙ্গল পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন অনুপ। সেই সময় সোনা ঘোষ নিজে উপস্থিত ছিলেন এবং কাজ করতে গিয়ে হাত থেকে একটি সোনার আংটি খুলে রাখেন। কাজ শেষে সেই আংটি নিতে ভুলে যান তিনি। পরে খোঁজাখুঁজি করেও আংটি না পেয়ে অনুপের কাছে জানতে চান তিনি কিছু পেয়েছেন কি না। অনুপ জানান, তিনি কিছুই পাননি।
ঘটনার পরদিন সোনা ঘোষের সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে কলকাতায় চলে যান অনুপ। তাঁর পরিবারের অভিযোগ বাড়ি ফিরতেই শান্তিপুর স্টেশনে সোনা ঘোষের ভাই ও ম্যানেজার অনুপকে ধরে মারধর শুরু করে। দুই–তিন দফায় চলে বেধড়ক মার। অভিযোগ, সোনা ঘোষ অনুপকে গুলি করে মেরে রেললাইনে ফেলে দেওয়ার হুমকিও দেন। অপমান ও আতঙ্কেই অনুপ আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি পরিবারের।অভিযুক্ত তৃণমূল নেতা সোনা ঘোষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
তাঁর বক্তব্য,আমার আংটির দাম কয়েক লক্ষ টাকা। সে পেয়েছে কি না, শুধু সেটাই জিজ্ঞাসা করেছি। মারধর বা গুলি করার কথা ভিত্তিহীন। চাইলে আমি অনেক আগেই আইনত ব্যবস্থা নিতে পারতাম।ঘটনার কথা অস্বীকার করেছেন শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল নেতা প্রভাত বিশ্বাস। তবে তাঁর দাবি, পরিবার যেটা বলছে তা পুরো সত্য নয়। বিষয়টি মীমাংসা হয়ে গেছে। ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। অনুপের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।






