রাজ্যের খবর

ঘাটালে মুখোমুখি বাইক সংঘর্ষ, নিহত ৪

Head-on bike collision in Ghatal, 4 killed

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বুড়িরপুকুর এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কে ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে দুটি মোটর বাইকের পাঁচ আরোহীর মধ্যে ঘটনাস্থলেই মারা যান তিনজন। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অপর একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি বাইকে থাকা আরোহীরা কেউই হেলমেট পরেননি। অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল দুই বাইক। কাছাকাছি এসে একে অপরের বাইকের হেডলাইট চোখে লাগার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে। ফলস্বরূপ, বাইক থেকে ছিটকে পড়ে যান আরোহীরা।

দ্রুত উদ্ধার করে তাঁদের প্রথমে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জনকে স্থানান্তর করা হয় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় আরও একজনের।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় প্রায়শই বেপরোয়া গতিতে বাইক চালানো হয় এবং হেলমেট না পরার প্রবণতাও বেশি।

Related Articles