জুলাইয়ের শুরুতেই সুখবর! একধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম
জুলাই থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ১৭৪ টাকা কমেছে।
Truth of Bengal: চলতি জুলাই মাসের শুরুতেই ব্যবসায়ী মহলে বড়সড় স্বস্তির খবর। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ১ জুলাই থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ১৭৪ টাকা কমেছে। ফলে গত মাসের ৩,২৫৫ টাকা ৫০ পয়সার সিলিন্ডার এখন কলকাতায় দাঁড়িয়েছে ৩,০৮১ টাকা ৫০ পয়সায়। তবে গৃহস্থালির জন্য ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, যা কলকাতায় পূর্বের ৯৬৮ টাকাতেই স্থির রয়েছে।
সাধারণত প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারের ওঠানামার ওপর ভিত্তি করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। বিশ্ব বাজারে অশোধিত তেলের চড়া দামের কারণে গত কয়েক মাস ধরে লাগাতার বাড়ছিল বাণিজ্যিক গ্যাসের মূল্য। পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল ১১১ টাকা। এরপর ১ ফেব্রুয়ারি আরও ৪৯ টাকা, মার্চের শুরুতে ৩১ টাকা এবং এপ্রিল মাসে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির আবহে একধাক্কায় ২১৮ টাকা বৃদ্ধি পায়। পরিস্থিতি আরও জটিল হয় মে মাসে, যখন একলাফে ৯৯৩ টাকা বাড়ানো হয় এই গ্যাসের দাম এবং জুন মাসেও তা আরও ৪২ থেকে ৫৩ টাকা পর্যন্ত বেড়েছিল।
টানা কয়েক মাসের এই নজিরবিহীন মূল্যবৃদ্ধির জেরে হোটেল, রেস্তরাঁ এবং ছোট খাদ্য ব্যবসায়ীদের পরিচালন খরচ আকাশ ছুঁয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে পশ্চিম এশীয় তথা ইরান সংকটের মেঘ কিছুটা কেটে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ায় কেন্দ্র সরকার বাণিজ্যিক এলপিজি সরবরাহের ওপর থেকে আগের বিধিনিষেধ তুলে নিয়েছে। বিশ্ব বাজারে তেলের মূল্যের এই স্থিতিশীলতার কারণেই অবশেষে বছরের প্রথম মূল্যহ্রাসের মুখ দেখল বাণিজ্যিক সিলিন্ডার। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে স্বস্তিতে হোটেল ও রেস্তরাঁ মালিকেরা। এখন গৃহস্থালির রান্নার গ্যাসের দাম কবে কমবে, তার জন্য আপাতত আন্তর্জাতিক বাজার ও কেন্দ্রের পরবর্তী মূল্যনীতির দিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ।



