রাজ্যের খবর

ইউনিয়ন ফি বন্ধের সরকারি নির্দেশকে স্বাগত, বালুরঘাট কলেজে আদায় হওয়া টাকার হিসাব চাইল এবিভিপি

এদিন সংগঠনের নেতারা জানান, গত ১ জুন উচ্চ শিক্ষা দফতর জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনও কলেজ ছাত্রছাত্রীদের কাছ থেকে ইউনিয়ন ফি নিতে পারবে না।

Truth of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে ইউনিয়ন ফি আদায় বন্ধ করার উচ্চ শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকাকে স্বাগত জানিয়ে সোমবার বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য ও জেলা নেতৃত্ব।

এদিন সংগঠনের নেতারা জানান, গত ১ জুন উচ্চ শিক্ষা দফতর জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনও কলেজ ছাত্রছাত্রীদের কাছ থেকে ইউনিয়ন ফি নিতে পারবে না। ইতিমধ্যে যদি সেই ফি আদায় করা হয়ে থাকে, তবে তা শিক্ষার্থীদের ফেরত দিতে হবে।এবিভিপির স্টেট এক্সিকিউটিভ কমিটির সদস্য বাপ্পা ভট্টাচার্য বলেন, ২০২৫ শিক্ষাবর্ষে বালুরঘাট কলেজে ছাত্রছাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ৪০০ টাকা করে ইউনিয়ন ফি নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।সেই সময় এবিভিপি ও সাধারণ পড়ুয়ারা কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনও জমা দিয়েছিল। কলেজের তরফে জানানো হয়েছিল, ওই অর্থ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যয় করা হবে। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর কলেজে কোনও উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি বলে দাবি করেন তিনি।

তাঁর প্রশ্ন, আদায় করা অর্থ যদি সাংস্কৃতিক খাতে ব্যয় না হয়ে থাকে, তবে সেই টাকা কোথায় খরচ হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব কলেজ কর্তৃপক্ষকে প্রকাশ করতে হবে। পাশাপাশি এই বিষয়ে তদন্তের দাবিতে এদিন জেলা শাসকের কাছেও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানান এবিভিপি নেতৃত্ব।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুগ্ম সম্পাদক রোহিত মাহাতো, জেলা সংযোজক অশোক বর্মন এবং রাজ্য সহ-সভাপতি কিশোর বসাক।

Related Articles