মুর্শিদাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু শিশুর, আহত দম্পতি
Child dies, couple injured in tragic road accident in Murshidabad
Truth Of Bengal: শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, এক দম্পতি তাদের শিশুসন্তানকে নিয়ে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন, সেই সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সামনে থাকা একটি তেলের ট্যাঙ্কারে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত শিশুর নাম রিক মণ্ডল (৮), বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রিক তার পিতামাতার সঙ্গে বাইকে করে যাচ্ছিল। জয়কৃষ্ণপুর হাইস্কুলের কাছে ট্যাঙ্কারের পিছনে বাইকটি ধাক্কা মারলে তিনজনই বাইক থেকে ছিটকে পড়ে যান।
দুর্ভাগ্যবশত, রিক ট্যাঙ্কারের চাকার নিচে চলে যায় এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আহত দম্পতিকে প্রথমে স্থানীয় অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনায় জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়, তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






