রাজ্যের খবর

Millet Tourism: চিরাচরিত মোমো-কে চ্যালেঞ্জ! বক্সা পাহাড়ে এবার কালচে মিলেট মোমো

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় মোমো অত্যন্ত জনপ্রিয় হলেও, বক্সায় আগত পর্যটকরা এবার এক নতুন চমক পাবেন।

Truth of Bengal: পুজোর ছুটিতে উত্তরবঙ্গের পাহাড়ি পরিবেশের সঙ্গে এবার পর্যটকদের জন্য স্বাস্থ্যকর খাবারের নতুন স্বাদ নিয়ে হাজির হয়েছে বক্সা। ট্রেকিংয়ের আগে কিংবা পরে বক্সা পাহাড়ের পাদদেশে অবস্থিত সান্তলাবাড়িতে বিশ্রাম নিতে আসা পর্যটকদের জন্য চালু হয়েছে বিশেষ মিলেট ফুড কাউন্টার। এই কাউন্টারে মিলছে মিলেট (Millet) এবং ভুট্টা (Maize) দিয়ে তৈরি নানা সুস্বাদু ও পুষ্টিকর খাবার। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় মোমো অত্যন্ত জনপ্রিয় হলেও, বক্সায় আগত পর্যটকরা এবার এক নতুন চমক পাবেন। চিরাচরিত মোমোর পাশাপাশি, এখানে পরিবেশন করা হচ্ছে কালচে রঙের মিলেট মোমো। মোমো ছাড়াও, মেনুতে থাকছে মিলেটের পাস্তা, নুডলস এবং বিশেষ মিলেটের ক্ষীর। স্থানীয় নেপালি ও ডুকপা জনজাতির ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাসকে মাথায় রেখেই এই খাবারগুলি তৈরি করা হচ্ছে (Millet Tourism)।

স্বনির্ভর দলের সদস্য সুখমতি ঘিসিং জানান, “মোমো ছাড়াও আমাদের কাউন্টারে ভুট্টার ভাত, খিচুরি, মিলেটের রুটি সহ প্রায় ৩০টির কাছাকাছি সুস্বাদু খাবার থাকছে। আমরা আশা করছি, এই খাবারগুলি পর্যটকদের নজর কাড়বে।” পর্যটকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। বক্সা পাহাড়ি গ্রামে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি, এবার সান্তলাবাড়িতে কৃষি দফতরের সহায়তায় এই ফুড কাউন্টার চালু করা হয়েছে। কৃষি দফতর জানিয়েছে, এটিই রাজ্যের প্রথম পর্যটন কেন্দ্র যেখানে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে (Millet Tourism)।

কৃষি দফতর আরও জানিয়েছে যে, কালচিনি ব্লকে এবছর প্রায় ১০০ হেক্টর জমিতে মিলেট চাষ হচ্ছে। এই এলাকায় মিলেট ও ভুট্টা খাওয়ার পুরনো চল রয়েছে। সেই ঐতিহ্যকেই পর্যটকদের মধ্যে ছড়িয়ে দিতে এই প্রয়াস। সান্তলাবাড়ির স্থানীয় স্বনির্ভর দলের মহিলারাই এই ফুড কাউন্টারের পরিচালনার দায়িত্বে আছেন। ফলে একদিকে যেমন স্বাস্থ্যকর খাদ্যের প্রসার ঘটছে, তেমনি স্থানীয় মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে (Millet Tourism)।

Related Articles