‘হিন্দুস্তানি সন্ত্রাসবাদী গান্ধী’, ২ অক্টোবরের আগে ট্যাভিস্টক স্কোয়্যারের গান্ধীমূর্তিতে লিখলেন দুষ্কৃতীরা
এক্স হ্যান্ডেলে তাদের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
Truth Of Bengal: আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। প্রতিবছরই সেই উপলক্ষে ট্যাভিস্টক স্কোয়্যারে থাকা এক গান্ধীমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাজানো হয় তাঁর প্রিয় ভজনগুলি। এবারও সেরকম আয়োজন চলছিল। কিন্তু তার মাঝে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। দুষ্কৃতীরা মূর্তিতে লেপেছে কালো কালি। এখানেই শেষ নয়, মূর্তিতে লেখা হয়েছে বিস্ফোরক কথা। তাতে লেখা রয়েছে, ‘হিন্দুস্তানি সন্ত্রাসবাদী গান্ধী’।(London)
ঘটনা জানাজানি হতেই এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। লন্ডনের ভারতীয় হাই কমিশন এর তীব্র নিন্দা করেছে। এক্স হ্যান্ডেলে তাদের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের বক্তব্য, “খুব আহত আমরা। চরম নিন্দা করছি। শুধু গান্ধীমূর্তির অপমান নয়, এমন আচরণে অহিংস নীতির উপরও বড় আঘাত হানা হয়েছে। আমাদের দাবি, এই ঘটনায় যেন স্থানীয় প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপ করা হয়। গান্ধীমূর্তিকে আগের জায়গায় দ্রুত ফেরাতে হবে। এটাই আমরা চাই।”(London)
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান জানানো হয়েছে মেট্রোপলিটান পুলিশ এবং স্থানীয় ক্যামডেন কাউন্সিলের তরফ থেকে। দুজনেই জানিয়েছে যে খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনাটি। যদিও কাউকে আটক করা হয়নি এই পর্যন্ত। প্রসঙ্গত, এই মূর্তিটি উন্মোচিত হয় গান্ধীজীর মৃত্যু দুই দশক পর। এই ব্রোঞ্জের মূর্তি ১৯৬৮ সালে তৈরি হয় ইন্ডিয়া লিগের সাহায্যে। এই মূর্তি তৈরি হয়, মহাত্মা গান্ধী যে আইন পড়েছেন লন্ডনের ইউনিভার্সিটি কলেজে, তা স্মরণীয় করে রাখতে। যেভাবে মূর্তিটাকে বিকৃত করা হয়েছে, তা দেখে শুধু লন্ডনের ভারতীয় হাই কমিশন নয়, ক্ষুব্ধ হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বাস করা ভারতীয়রাও।(London)






