রাজ্যের খবর

রায়পুরে উদ্ধার পচা গলা দেহ, খুন না স্বাভাবিক মৃত্যু! তদন্তে পুলিশ

Body with decomposed throat found in Raipur, murder or natural death? Police investigating

Truth Of Bengal: রেবতী মালি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রায়পুর পটলডাঙ্গা মাঠে একটি পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার বিকেল প্রায় ৫:৩০ নাগাদ ছোটরা মাঠে ফুটবল খেলছিল। সেই সময় আচমকা বলটি পাঁচিলের বাইরে পড়ে যায়। খেলোয়াড়দের একজন বল তুলতে গেলে পাশের একটি পরিত্যক্ত জায়গায় গিয়ে দেখে, সেখানেই পড়ে রয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচা গলা দেহ।

ঘটনাটি চোখে পড়তেই সে চিৎকার করে ওঠে এবং স্থানীয়দের মধ্যে হইচই শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দেহটি উদ্ধার করে। পরে সেটি পাঠানো হয় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তার শরীরে পচন ধরায় মৃত্যুর সঠিক সময় এবং কারণ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে — এটি খুন, না কি কোনও দুর্ঘটনা, তা-ও পরিষ্কার হবে। পাশাপাশি এই ব্যক্তি কোথা থেকে এসেছিলেন, কেনই বা ওই নির্জন জায়গায় ছিলেন, সে বিষয়েও তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।

Related Articles