“তোমাদের বার্নল নয়, আইসক্রিম দেব!”, কাদের শরীর ঠান্ডা করার পরামর্শ মমতার?
নির্বাচন কমিশনারকে ‘ভ্যানিশ কুমার’ বলে তোপ দাগলেন ক্ষুব্ধ মমতা
Truth of Bengal: ভোটের ময়দানে এবার ‘সুপার এমার্জেন্সি’র অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধংদেহি মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলার সভা থেকে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দিল্লির নির্দেশে বাংলার আইসি-ওসিদের ব্যবহার করে তৃণমূলের বুথ এজেন্টদের গণহারে গ্রেফতারের ছক কষা হয়েছে।
পিংলার সভা থেকে মমতা কড়া সুরে বলেন, “আইসি থেকে ওসি পর্যন্ত নির্দেশ পাঠানো হয়েছে- তৃণমূলের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেফতার করে নাও। কেন? যাতে তাঁরা ভোটকেন্দ্রে বসতে না পারেন। আরে, প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে। একজনকে গ্রেফতার করলে অন্য জন বসে যাবে। মা-বোনেরা এজেন্ট হবেন। বাংলাকে কাবু করা এত সহজ নয়।” কমিশনের সার্কুলারে ‘বার্নল’ ও ‘বোরোলিন’ রাখার প্রসঙ্গ টেনে বিজেপিকে বিঁধে তিনি বলেন, “হিম্মত থাকলে সরাসরি মানুষের সঙ্গে লড়াই করুন। কেন ভয় দেখাচ্ছেন? আপনারা আসলে বাংলার মানুষকে ভয় পান। দিল্লি থেকে এসেছে মোটা ভাই, সঙ্গে ইডি-সিবিআই। তাই এত দাপট!”
কমিশনকে ‘বিজেপির তোতাপাখি’ বলে অভিহিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করছে দিল্লি। দুর্গাপুরের সভায় তিনি যে সুর চড়িয়েছিলেন, এদিন পিংলাতেও সেই মেজাজ বজায় রেখে বলেন, “সব অফিসার বদলি করে আমার ক্ষমতা কেড়ে নিয়েছে। ভ্যানিশ কুমার আর বিজেপি মিলে সুপার এমার্জেন্সি চালাচ্ছে। যেন মনে হচ্ছে বিজেপির দালালি করলে ভবিষ্যতে কেউ কোনও বড় পদ পাবেন। আমার সঙ্গে কথাও বলে না, এত সাহস! মনে রাখবেন, আমি এখনও রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী।”
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন যে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে শুরু করে ডিজি, বেছে বেছে অফিসারদের সরিয়ে পছন্দের লোক বসানো হয়েছে। বিজেপি নেতাদের উদ্দেশে ব্যঙ্গাত্মক সুরে মমতার বার্তা, “যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেব, তাদের বলছি- তোমাদের বার্নল দেব না, তোমাদের আইসক্রিম দেব। যাতে গরমকালে আইসক্রিম খেয়ে শরীরটা ঠান্ডা রাখতে পারো। বরফ রাখতে পারো। তোমাদের আর আমাদের তফাত এটুকুই।” ভোটের মাত্র কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর এই আক্রমণ নির্বাচন কমিশন ও শাসকদলের সংঘাতকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিল।






