রাজ্যের খবর

“অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ, সবই হবে বিজেপির!”, এবার বাংলা দখলের ব্লু-প্রিন্ট ফাঁস শাহের

৪৫ দিনেই বন্ধ হবে অনুপ্রবেশ! উত্তরবঙ্গে দাঁড়িয়ে মমতা-অভিষেককে চরম হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

Truth of Bengal: উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের ময়দানে দাঁড়িয়ে এবার সরাসরি ‘ভাইপো’ শাসনের অবসান ঘটিয়ে ‘ভূমিপুত্র’ মুখ্যমন্ত্রী আনার অঙ্গীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার উত্তরবঙ্গের জনসভা থেকে তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে শাহ দাবি করেন, বাংলায় বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এ রাজ্যেরই সন্তান, তবে তিনি কোনও বিশেষ নেত্রীর আত্মীয় হবেন না। একইসঙ্গে ওড়িশা ও বিহারের প্রসঙ্গ টেনে শাহ ঘোষণা করেন, ৫ তারিখের পর ‘অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ’, তিন রাজ্যেই রাজত্ব করবে বিজেপি।

তৃণমূলের পরিবারতন্ত্রকে আক্রমণ করে অমিত শাহ বলেন, “মমতা দিদি শুধু তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। কিন্তু মোদীজির কাছে আপনারাই তাঁর ভাই-ভাইপো। মমতা দিদি কান খুলে শুনে নিন, আপনার সময় শেষ। বিহার ও ওড়িশায় এখন বিজেপির মুখ্যমন্ত্রী, এবার পশ্চিমবঙ্গের পালা।” অনুপ্রবেশ ও সীমান্ত সুরক্ষা নিয়ে বড় ঘোষণা করে তিনি জানান, “বিজেপি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে পুরো বাংলার সীমান্ত সুরক্ষিত করার কাজ শেষ করা হবে। আর এ রাজ্যে কোনও ‘বাবরি মসজিদ’ হবে না।”

এদিন মেরুকরণের সুর আরও চড়িয়ে ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’ রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন শাহ। বহুবিয়ে প্রথার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আপনারা জানেন তো কারা চারটে বিয়ে করেন? বিজেপিকে আসতে দিন, এসব বন্ধ হয়ে যাবে।” সেই সঙ্গেই মহিলাদের নিরাপত্তা নিয়ে মমতাকে বিঁধে তাঁর প্রতিশ্রুতি, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মহিলারা রাত ৭টার পর বাইরে বেরোবেন না। আমি বলছি, ৫ মে-র পর মহিলারা রাত ১২টাতেও সুরক্ষিত ভাবে ঘুরতে পারবেন, কারণ তখন বিজেপি সরকার থাকবে।”

উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ উন্নয়নের ডালি সাজিয়ে শাহ প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমসের (AIIMS) ধাঁচে হাসপাতাল, ৫০০ বেডের ক্যানসার হাসপাতাল এবং আইআইএম (IIM) ও আইটি হাব গড়ে তোলা হবে। চা-শ্রমিকদের মাসিক ৩০০০ টাকা ভাতা এবং গোর্খা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাসও দেন তিনি। অমিত শাহের সাফ কথা, “ভয় এবং দুর্নীতি থেকে বাংলাকে মুক্ত করতে পারে একমাত্র নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকার।”

Related Articles