রাজ্যের খবর

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা! সিসিটিভি দেখে ২ জনকে আটক পুলিশের

বীরভূমের নানুরের এক তৃণমূল কর্মীর বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এমনই এক শিউরে ওঠা ভয়াবহ দৃশ্য

Truth of Bengal: একের পর এক তীব্র বিস্ফোরণ এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। বোমাবাজির ঠিক পরপরই ব্যাগ হাতে কয়েকজন দুষ্কৃতীকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। বীরভূমের নানুরের এক তৃণমূল কর্মীর বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এমনই এক শিউরে ওঠা ভয়াবহ দৃশ্য। শুক্রবার গভীর রাতে নানুরের থুপসারা অঞ্চলের তাখোরা গ্রামে শাসকদলের নেতা-কর্মীদের বাড়ি লক্ষ্য করে রাতভর এই ব্যাপক বোমাবাজির ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে তাখোরা গ্রামের তৃণমূল নেতা বাপ্পা চৌধুরী এবং তৃণমূল কর্মী আলো চৌধুরী, রাহুল শেখ, শেখ ফিরোজ, শেখ নাজির ও আবুল হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। তাদের বাড়িগুলি লক্ষ্য করে একের পর এক অগুন্তি বোমা ছোড়া হয়। তৃণমূল কর্মী আলো চৌধুরীর বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, গভীর রাতে বোমাবাজি করার পর বেশ কয়েকজন যুবক ব্যাগে করে বোমা নিয়ে সেখান থেকে চম্পট দিচ্ছে।

এই হামলার ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতাদের পক্ষ থেকে দলেরই অপর একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। এক আক্রান্ত তৃণমূল নেতা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “শুক্রবার গভীর রাতে তৃণমূলেরই একটি দল আমাদের বাড়িতে বোমাবাজি করেছে। তোলাবাজির অভিযোগে এদের আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওরা বিজেপিতেও যোগ দেয়নি। এখন তৃণমূলের ওপর প্রতিশোধ নিতেই এই তাণ্ডব চালাচ্ছে। কাল রাতে পুলিশ সময়মতো না পৌঁছালে গ্রামে বহু মানুষ মারা যেতেন।”

Related Articles