রাজ্যের খবর

বিপদে পাশে থাকেননি সুকান্ত মজুমদার! “আর ভিন রাজ্যে যেতে হবে না”, মহারাষ্ট্রে নির্যাতিত শ্রমিকের পাশে অভিষেক

এদিনের পরিদর্শনে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় যখন স্থানীয় বিজেপি বুথ সভাপতি গৌতম বর্মণ খোদ দলীয় সাংসদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন।

Truth Of Bengal: মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে ‘বাংলা ভাষায় কথা বলায়’ হেনস্থা ও অপমানের শিকার হওয়া শ্রমিকদের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ দিনাজপুরের তপনে পরিযায়ী শ্রমিক অসিত সরকারের বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে ভুক্তভোগী পরিবারগুলির সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্ব ও সাংসদ সুকান্ত মজুমদারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন অভিষেক।

এদিনের পরিদর্শনে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় যখন স্থানীয় বিজেপি বুথ সভাপতি গৌতম বর্মণ খোদ দলীয় সাংসদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। গৌতমবাবুর দাবি, মহারাষ্ট্রে বিপদে পড়ার পর তাঁরা সাংসদ সুকান্ত মজুমদার ও স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ তাঁদের ফোনে সাড়া দেননি। উল্টে তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে আটকে রাখা হয়েছিল এবং মুক্তির বদলে মাথাপিছু ১.৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ।

পরিবারগুলির সমস্যার কথা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মহারাষ্ট্রে বিজেপি সরকার থাকা সত্ত্বেও সুকান্ত বাবু কোনো সাহায্য করেননি। আমরা বিষয়টি জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাঁদের ছাড়িয়ে এনেছি।” তিনি আরও যোগ করেন, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, অথচ জয়ী প্রার্থীদের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা নেই। তিনি সুকান্ত মজুমদারকে ব্যক্তিগত আক্রমণ করে ‘ফ্যাশন শোয়ের মাস্টার’ বলেও কটাক্ষ করেন।

একইসঙ্গে বীরভূমের সোনালি খাতুনের প্রসঙ্গ টেনে এনে অভিষেক বলেন, শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে এক অন্তঃসত্ত্বা মহিলাকেও লাঞ্ছিত হতে হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। পরিযায়ী শ্রমিকদের প্রতি তাঁর বার্তা, “আর ভিন রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই। রাজ্যেই কাজের ব্যবস্থা করা হবে।”

অভিষেকের এই সমালোচনার জবাবে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, তাঁর আমলে এলাকায় কী কী উন্নয়ন হয়েছে তা সাধারণ মানুষ জানেন। তৃণমূল জমানার কাজের সঙ্গে তাঁর কাজের তুলনা টেনে তিনি বলেন, মানুষ ইভিএম বা ভোটবাক্সেই এই সমস্ত কুৎসার জবাব দেবে।

Related Articles