রাজ্যের খবর

আসছে আধার ডিঅ্যাক্টিভেট চিঠি, রাজ্য আলাদা কার্ড দেবে, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Adhar Card

The Truth of Bengal: আধার বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্যের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই নদিয়ার সীমান্তবর্তী এলাকায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেটের চিঠি এসেছে অনেকের বাড়িতে। এই চিঠি আসার পর ওই এলাকার মানুষের মধ্যে ছড়িয়েছে বিভ্রান্তি। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন, নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি, কাদিপুর সহ বিভিন্ন গ্রামে বেশকিছু মানুষের বাড়িতে ডাক মারফত এই চিঠি এসেছে। তাতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কথা উল্লেখ রয়েছে বলে দাবি চিঠি প্রাপকদের।

১৪-১৫ বছর আগে বাংলাদেশ থেকে যারা ভারতে এসেছেন, মূলত তাদের বাড়িতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট-এর চিঠি যাচ্ছে। তাদের প্রশ্ন, সরকার তা হলে আধার দিয়েছিল কেন? আবার দেওয়ার পর ডিঅ্যাক্টিভেট করলো কেন? বেশ কয়েকদিন ধরে এই অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনেও একই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তবে যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তাদের আপশে থাকবে রাজ্য সরকার।

রাজ্য সরকার বিকল্প কার্ড দেবে রাজ্যবাসীকে। দু-তিন দিনের মধ্যে সেই কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার চিঠি পেয়েছেন, তাঁরা ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছেন না বলে দাবি করেছেন। একইসঙ্গে বঞ্চিত হচ্ছেন রেশন থেকেও। এই পরিস্থিতিতে তাদের পথে বসা ছাড়া আর কোনও উপায় নেই বলে মনে করছে তাঁরা। তাদের প্রশ্ন, সরকার আধার দিলই বা কেন, আবার তা ডিঅ্যাক্টিভেটও করল কেন? তবে যাদের আধার কার্ড বাতিল হয়েছে রাজ্য সরকার তাদের আপশে আছে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Related Articles