রাজ্যের খবর

উদ্ধার দুই নিখোঁজ বন্ধুর নিথর দেহ, মালদায় চাঞ্চল্য

পরিবারে আশঙ্কা খুন করা হয়েছে দুই বন্ধুকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Truth Of Bengal: শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে মোথাবাড়িতে কালভার্টের নিচে জলাশয় থেকে দুই বন্ধুর দেহ উদ্ধার হল। মৃতদের নাম রাজু ঘোষ (২৭) এবং বিবেক মণ্ডল (৩০)। পুলিশ জানিয়েছে, এদিন সকালে শম্ভু মোড় এলাকার একটি কালভার্টের নিচে জলাশয় থেকে দুই বন্ধুর দেহ উদ্ধার করা হয়।

দেহের কাছেই পড়ে ছিল তাদের মোটরবাইক। মৃতরা মোথাবাড়ির মণ্ডল পাড়ার বাসিন্দা। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, পথ দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে। তবে পরিবারে আশঙ্কা খুন করা হয়েছে দুই বন্ধুকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। দুপুরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘটনাস্থলে ছুটে যান এবং মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন। জানা গেছে, বিবেক মণ্ডল ২০১৭ সালে প্রাথমিক টেট উত্তীর্ণ হয়েছিল, আর রাজু ঘোষ একটি বেসরকারি ফাইনান্স সংস্থায় কাজ করতেন। গতকাল রাতেই দুই বন্ধু একসঙ্গে একটি বাইকে করে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর সকালবেলায় স্থানীয়রা কালভার্টের নিচে তাদের দেহ জলাশয়ে ভাসতে দেখেন।এই ঘটনার পর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনা না খুন—এই নিয়ে উঠেছে নানা প্রশ্ন। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। পরিবার ও এলাকাবাসীর দাবি, প্রকৃত ঘটনা দ্রুত প্রকাশ্যে আনতে হবে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles