কিউইদের উত্থানে চাপ বাড়ল ভারতের, ডব্লিউটিসি ফাইনালের রাস্তা কঠিন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের পর একই পয়েন্ট শতাংশ নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে উঠে এসেছে নিউ জিল্যান্ডও।
Truth Of Bengal: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উল্লেখযোগ্য উত্থান ঘটাল নিউ জিল্যান্ড। কিউইদের এই জয়ে গৌতম গম্ভীর ও শুভমন গিলদের উদ্বেগ বেড়েছে। কারণ, প্রথম পাঁচের বাইরে নেমে গিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল ভারত।
দ্বিতীয় টেস্টের পরও শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। পাঁচটি টেস্ট খেলে প্যাট কামিন্সদের পয়েন্ট শতাংশ ১০০। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, চারটি টেস্টে তাদের পয়েন্ট শতাংশ ৭৫। দু’টি টেস্ট খেলে ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের পর একই পয়েন্ট শতাংশ নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে উঠে এসেছে নিউ জিল্যান্ডও।
কিউইদের উত্থানে এক ধাপ নেমে পঞ্চম স্থানে চলে গিয়েছে পাকিস্তান। দু’টি টেস্ট খেলে শান মাসুদদের পয়েন্ট শতাংশ ৫০। ভারতের অবস্থান এখন ষষ্ঠ স্থানে। ন’টি টেস্ট খেলার পর শুভমন গিলদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। অ্যাশেজ সিরিজের প্রথম দু’টি টেস্টে হারের ফলে সপ্তম স্থানে রয়েছে ইংল্যান্ড, সাতটি টেস্টে বেন স্টোকসদের পয়েন্ট শতাংশ ৩০.৯৫।তালিকার অষ্টম স্থানে বাংলাদেশ।
দু’টি টেস্ট খেলে নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ১৬.৬৭। নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সাতটি টেস্টের পর তাদের পয়েন্ট শতাংশ মাত্র ৪.৭৬। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই ক্রমশ জটিল হয়ে উঠছে ভারতের জন্য। বাকি ম্যাচগুলিতে ধারাবাহিক জয় ছাড়া শেষ দু’য়ে জায়গা করে নেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে।






