
The Truth of Bengal: রূপকথার ইনিংস? আগে অনেকবার খেলেছেন। মহাকাব্যিক? সেটাও পুরনো হয়ে গিয়েছে। রাজকীয়? সেঞ্চুরির সব ইনিংস রাজকীয়। তা হলে কী বলা যাবে বিরাটের ইনিংসকে? জানি না অভিধানে নতুন কোনও শব্দ আছে কিনা। সেই শব্দ খোঁজার পালা চলুক। আপাতত বিরাট কোহলির ইনিংসকে ব্যাখ্যা করার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে। বিশ্বরেকর্ডের মৌতাত নেওয়ার মাঝে এখন অন্য কিছু ভাবতে নারাজ বিরাটপ্রেমীরা। ভুল বললাম ক্রিকেটপ্রেমীরা। দীর্ঘ জার্নি। এক এক করে পার করেছেন এক একটি মাইল স্টোন। আজ পৌঁছে গেলেন রেকর্ডের এভারেস্টে। যেখানে আর কেউ নেই। একাই রাজত্ব করছেন বিরাট। বিশ্বকাপের মহামঞ্চে বিশ্বরেকর্ড করলেন বিরাট কোহলি। সেঞ্চুরির ‘হাফ সেঞ্চুরি’ করে মাস্টারব্লাস্টার শচীন তেন্ডুলকরকে টপকে গেলেন কিং কোহলি।
সেঞ্চুরি সংখ্যায় এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০তম সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড অর্জন করলেন বিরাট। যার রেকর্ড ভেঙে এদিন নিজেকে মহাউচ্চতায় নিয়ে গেলেন বিরাট, এদিন ওয়াংখেড়ের মাঠে হাজির ছিলেন সেই শচীন তেন্ডুলকর। নতুন সম্রাটকে তিনি জানালেন কুর্নিশ। এই জায়গায় পৌঁছতে কম সাধনা করতে হয়নি বিরাটকে। মাঝখানে অনেক খারাপ সময় এসেছে। প্রায় তিন বছর তিনি সেঞ্চুরি পাননি। অনেক কটাক্ষ হজম করতে হয়েছে। দুঃখ পেয়েছেন। আর মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে গিয়েছেন। সেইসঙ্গে ইস্পাত কঠিন জেদ নিয়ে লক্ষ্যে পৌঁছতে কঠোর অনুশীলন করে গিয়েছেন।
২০১৯ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে শেষবার একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তারপর থেকে, তিনি অনেক হাফ-সেঞ্চুরি ইনিংস খেললেও সেঞ্চুরি আসছিল না। শতরানের দোরগোড়ায় আউট হয়েছেন বারবার। সেই খরা কাটে ২০২২ সালের ১০ ডিসেম্বর। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে নিজের জার্নি আবার মসৃণ করেন। রাস্তা এবড়ো খেবড়ো হলেও রোলস রয়েস যেমন এগিয়ে চলে, ঠিক তেমন ভাবে এগিয়ে চলে বিরাটের যাত্রা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। সেঞ্চুরির ‘হাফ সেঞ্চুরি’ করে কোহলি আজ সত্যিই বিরাট হলেন।
Free Access






