খেলা

অ্যাডিলেডে মাঠে নামার আগে বিরাটকে হুঙ্কার অজি ব্যাটারের

অ্যাডিলেডের ম্যাচে মাঠে নামার আগে তাই বিরাট কোহলিকে হুঙ্কার দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাট শর্ট।

Truth Of Bengal: দীর্ঘ সাত মাস পর ক্রিকেট ব্যাট হাতে মাঠে পার্থে নেমেছিলেন বিরাট কোহলি। কিন্তু অজিদের বিপক্ষে সেই ম্যাচে ব্যর্থ হয়েই কোনও রান না করে সাজঘরে ফিরেছেন তিনি। তারপর তাঁকে নিয়ে সমালোচনার ঝড় আরও তীব্র হয়। আগামিকাল ভারত ও অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। দু দলের কাছে সিরিজ জেতার জন্য এই ম্যাচ ডু-অর ডাই। অ্যাডিলেডের ম্যাচে মাঠে নামার আগে তাই বিরাট কোহলিকে হুঙ্কার দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাট শর্ট।

এই প্রসঙ্গে অজি ব্যাটার বলেন, ‘অ্যাডিলেড বিরাটের কাছে অত্যন্ত প্রিয় একটা গ্রাউন্ড। এটা সকলের জানা। কেননা অ্যাডিলেডের ২২ গজে ক্রিকেটের সব ফরম্যাটেই পাঁচটি সেঞ্চুরি রয়েছে কোহলির দখলে। তা সত্ত্বেও বলছি পারথে প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার পেস বোলররা তাঁদের ধারাবাহিকতা বজায় রেখে কোহলিকে চাপে ফেলতে পারবেন।’

শর্টের আরও সংযোজন, ‘কোহলি পারথের ম্যাচে অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়েই সাজঘরে ফিরেছিলেন। এবারও ঠিক সেইভাবেই এই ম্যাচেও অজি বোলাররা বল করার কৌশল অবলম্বন করবেন বলে আমার আশা।’

তবে কোহলিকে ম্যাচের আগে আউটের হুঙ্কার দিলেও, বিরাটের প্রতি তাঁর শ্রদ্ধা যে এতটুকু কমেনি তাও জানাতে ভুললেন না শর্ট। তিনি বলেন, ‘কোহলি বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তী ক্রিকেটার। কাজেই তাঁর মত একজনের সঙ্গে মাঠ ভাগ করা যে কোনও দেশের ক্রিকেটারের কাছে বিরাট গর্বের বিষয়। আমার কাছে সেটা ব্যতিক্রম নয়। আমার আশা এই সিরিজ চলাকালীন নিশ্চয়ই বিরাটের সঙ্গে একান্তে বেশকিছু সময় আড্ডা মারার চেষ্টা করব। যা আমার কাছেও একটা বিরাট অভিজ্ঞতাও বলা যেতে পারে।’

এর পাশাপাশি শর্ট আরও বলেন, ‘পারথের ম্যাচ চলাকালীন যখন রোহিত, শুভমনদের পাশাপাশি কোহলিও চটজলদি প্যাভেলিয়নে ফিরলেন, তখন অন্যদের মত আমারও সত্যিই খুব খারাপ লেগেছে।’

Related Articles