খেলা

Smriti Mandhana: বিশাখাপত্তনমে ইতিহাস রচনা করলেন স্মৃতি, ওয়ানডেতে এক বছরে সবচেয়ে বেশি রান

অস্ট্রেলিয়ার কিংবদন্তি বেলিন্ডা ক্লার্কের ২৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি।

Truth of Bengal: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যাট হাতে বড় রান করতে না পারলেও ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানা। বিশাখাপত্তনমে আইসিসি মহিলা বিশ্বকাপের ম্যাচে তিনি এক ক্যালেন্ডার বছরে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড নিজের দখলে নিলেন।অস্ট্রেলিয়ার কিংবদন্তি বেলিন্ডা ক্লার্কের ২৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি। ১৯৯৭ সালে ক্লার্ক করেছিলেন ৯৭০ রান, যা এত দিন পর্যন্ত ছিল মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ। বৃহস্পতিবার ইনিংসের অষ্টম ওভারে দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গা খাকার বলে ছক্কা হাঁকিয়েই সেই রেকর্ড গুঁড়িয়ে দেন ভারতীয় তারকা ওপেনার (Smriti Mandhana)।

প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ শুরুর সময় স্মৃতির সংগ্রহ ছিল ৯৫৯ রান। রেকর্ড ভাঙার পর ১১তম ওভারে ২৩ রানে আউট হন তিনি। তবে ততক্ষণে ইতিহাস রচনা হয়ে গিয়েছে। ২০২৫ সালে এখন পর্যন্ত ১৭ ম্যাচে তাঁর মোট রান ৯৮২, গড় ৫৭.৭৬, স্ট্রাইক রেট ১১২.২২। এই সময়ের মধ্যে করেছেন ৪টি শতরান ও ৩টি অর্ধশতরান, সর্বোচ্চ স্কোর ১৩৫ রান। পাশাপাশি এ বছর তাঁর ব্যাট থেকে এসেছে ১২২টি চার ও ২৪টি ছয়।যদিও বিশ্বকাপে এখনও পর্যন্ত খুব একটা ছন্দে নেই স্মৃতি। আগের দুটি ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন মাত্র ৮ ও ২৩ রান। বৃহস্পতিবারও দলের জন্য বড় ইনিংস খেলতে পারেননি। তবুও ভারতীয় ব্যাটার আর এক বড় মাইলফলকের দোরগোড়ায় (Smriti Mandhana)।

ওয়ান ডে-তে ৫,০০০ রানের ক্লাবে প্রবেশ করতে আর মাত্র কিছু রান দূরে তিনি। এই কৃতিত্ব অর্জন করলে, মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় মহিলা এবং বিশ্বের পঞ্চম মহিলা ক্রিকেটার হবেন যিনি ওয়ানডে-তে ৫,০০০ রান পূর্ণ করবেন।প্রসঙ্গত, বিশাখাপত্তনমের ম্যাচটি বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়। টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতীয় দলে একটি পরিবর্তন করা হয়— রেনুকা সিং ঠাকুরের জায়গায় ফিরেছেন অমনজ্যোত কৌর (Smriti Mandhana)।

Related Articles