ল্যানিংকে টপকে বিশ্বসেরা হরমনপ্রীত! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকালের সফলতম অধিনায়ক এখন ভারতের ‘কুইন’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড এখন তাঁর দখলে।
Bangla Jago Desk: ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতেও জয়যাত্রা অব্যাহত ভারতীয় মহিলা ক্রিকেট দলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পুরে নিল ‘ওমেন্স ইন ব্লু’। সেই সঙ্গে বিশ্ব ক্রিকেটে এক ঐতিহাসিক নজির গড়লেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড এখন তাঁর দখলে।
এই জয়ের মাধ্যমে হরমনপ্রীত অধিনায়ক হিসেবে ৭৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয় পেলেন। তিনি এখনও পর্যন্ত ভারতকে নেতৃত্ব দিয়েছেন ১৩০টি ম্যাচে, যার মধ্যে জয়ের হার ৫৮.৪৬ শতাংশ। এই কৃতিত্বের মাধ্যমে তিনি পিছনে ফেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিংকে, যিনি ১০০ ম্যাচে ৭৬টি জয় নিয়ে এতদিন শীর্ষে ছিলেন। মহিলাদের ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এত ম্যাচ জয়ের নজির কোনও অধিনায়কের নেই।
ভারতীয় পুরুষ ক্রিকেটে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড রয়েছে রোহিত শর্মার নামে। তিনি ৬২ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন ৪৯টি ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন ৪১টি ম্যাচ। সেই সব নজির ছাপিয়ে এখন বিশ্ব ক্রিকেটে অধিনায়কত্বের শীর্ষে হরমনপ্রীত কৌর।শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয় নিশ্চিত হতেই পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নেয় ভারত। বিশাখাপত্তনমে প্রথম দুই ম্যাচ জয়ের পর তিরুবনন্তপুরমে তৃতীয় ম্যাচেও দাপট দেখায় ভারতীয় দল।
এই ম্যাচে ফের দুরন্ত ফর্মে দেখা গেল দীপ্তি শর্মাকে। বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৩৩৩। এই কৃতিত্বে তিনি ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার এলিস পেরিকে (৩৩১ উইকেট)। সব ফরম্যাট মিলিয়ে এই মুহূর্তে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী দীপ্তি। তালিকার শীর্ষে রয়েছেন ভারতেরই ঝুলন গোস্বামী (৩৫৫ উইকেট)।হরমনপ্রীতের অধিনায়কত্বে ভারত ইতিমধ্যেই একাধিক সাফল্য পেয়েছে।
এশিয়া কাপ জিতেছে একাধিকবার, ২০২৩ এশিয়ান গেমসে এসেছে সোনা, কমনওয়েলথ গেমসে রুপো। যদিও এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসেনি। তবে ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতেও যেভাবে ধারাবাহিক সাফল্য পাচ্ছে দল, তাতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশায় বুক বাঁধছেন ভারতীয় সমর্থকেরা।আগামী বছরের জুনে ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপই এখন হরমনপ্রীত কৌর ও তাঁর দলের পরবর্তী বড় লক্ষ্য। নতুন রেকর্ড, দুরন্ত ফর্ম আর আত্মবিশ্বাস—সব মিলিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট এখন বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ার দোরগোড়ায়।






